কানসাস সিটি: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে কলম্বিয়া। গ্রুপ কে’তে চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে পৌঁছেছেন হামেস রডরিগেজরা। এবার রাউন্ড অব ৩২’তে তাঁদের সামনে ঘানা। গ্রুপ পর্বে হ্যারি কেনের ইংল্যান্ডকে রুখে দিয়েছিল এই আফ্রিকার দেশটি। বলাই বাহুল্য, শুক্রবার (ভারতীয় সময় শনিবার সকালে) কানসাস সিটি স্টেডিয়ামে কলম্বিয়ার জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।
উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে এবার গ্রুপ পর্বের সূচনা করেছিল কলম্বিয়া। পরের ম্যাচে কঙ্গোকেও ১-০ ব্যবধানে হারায় তারা। এমনকি, শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে ড্র করে লাতিন আমেরিকার দেশটি। নক-আউটের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে নেস্তর লরেঞ্জোর দলকে। উল্লেখ্য, ২০১৪ সালে কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছিল কলম্বিয়া। সেটাই ছিল বিশ্বকাপে তাদের সেরা পারফরম্যান্স। এবার তা ছাপিয়ে যেতে চান হামেসরা। আক্রমণভাগে কলম্বিয়ার প্রধান অস্ত্র লুইস ডিয়াজ। চলতি মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপেও তা ধরে রেখেছেন তিনি। এছাড়া উল্লেখ করতে হবে অ্যাটাকিং মিডিও হামেস রডরিগেজের কথা। ডেভিড মুনোজ, স্যাঞ্চেজদের উপস্থিতিতে রক্ষণও বেশ জমাট। উলটোদিকে, চমক দিতে তৈরি ঘানাও। কার্লোস কুইরেজের দল রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে গোল তুলে নেওয়ায় বিশ্বাসী।