কানসাস, ৪ জুলাই: বিশ্বকাপের নকআউট পর্বের মানেই উত্তেজনা এবং বেঁচে থাকার লড়াই। আর শেষ পর্যন্ত আজকের এই লড়াইয়ে দুর্দান্ত খেলে শেষ হাসি দিয়ে নিজেদের জয় নিশ্চিত করল কলম্বিয়া। এদিন ভারতীয় সময় সকাল ৭টা নাগাদ রাউন্ড অব ৩২-এর শেষ ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া বনাম ঘানা। আজকের এই ম্যাচে ঘানার থেকে জয় ছিনিয়ে নিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে নিল কলম্বিয়া। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। পাশাপাশি নিজেদের ডিফেন্সে কোনোরকম ছাড় দেয়নি ঘানা। কিন্তু আগ্রাসী ফুটবল খেলে ঘানাকে একাধিকবার চাপের মধ্যে ফেলে কলম্বিয়া। এরপর একাধিক আক্রমণের পর প্রথম গোলটি করে স্কোর লাইনে নিজেদের এগিয়ে নিয়ে যায় কলম্বিয়া দল। ডানদিক থেকে আসা ক্রসে বলটি পেয়ে জালের ভিতর ঢুকিয়ে দেন জন আরিয়াস। গোলটি হজম করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ঘানা। ডিফেন্সের কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবলে চলে যান তাঁরা। প্রায় ২০ মিনিটের কাছাকাছি একটি গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোল পাননি ঘানা। এরপরই আক্রমণের এক ধাপ বাড়িয়ে দেয় কলম্বিয়া। একাধিক সুযোগ বানালেও আরেকটি গোল করতে ব্যর্থ হয় কলম্বিয়ার খেলোয়াড়রা। প্রথমার্ধে ১-০ লিড নিয়ে শেষ করে কলম্বিয়া। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমার্ধের থেকেও আরও আগ্রাসী মেজাজে শুরু করে কলম্বিয়া। নিজেদের জয় নিশ্চিত করার জন্য আরও একটি গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে তাঁরা। কিন্তু অপরদিকে থাকা ঘানার ডিফেন্ডারেরা এবং গোলরক্ষক কলম্বিয়ার ফুটবলারদের পথে বাধা হয়ে দাঁড়ান। তারই মধ্যে ৫৭ মিনিটে দিয়াজের দেওয়া গোলটি অফসাইডের রূপ নেয়। ফলে অফসাইডের জন্য গোলটি বাতিল হয়, তা জানিয়ে দেন রেফারি। কলম্বিয়ার দেওয়া চাপের মধ্যে গোলের সুযোগ বানালেও ব্যর্থ হয় ঘানা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে নিজেদের জয় নিশ্চিত করে শেষ হাসিটা দিয়ে মাঠ ছাড়েন কলম্বিয়ার খেলোয়াড়েরা। অপরদিকে লড়াই করে নকআউটের প্রথম ধাপেই শেষ হয়ে গেল ঘানার অভিযান। আজকের এই জয়ের পরে রাউন্ড অব ১৬-এ সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে কলম্বিয়া। আর সেইখানেই দেখা যাবে শেষ আটের টিকিট কার ঘরে যায়?



