Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শমীককে পুজো কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব কলেজ স্কোয়ারের

বিজেপির শমীক ভট্টাচার্যকে চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিল কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো কমিটি

শমীককে পুজো কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব কলেজ স্কোয়ারের
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির শমীক ভট্টাচার্যকে চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিল কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। রথযাত্রার দিন খুঁটিপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়েছে সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমীকবাবুকে। যদিও শমীক জানান, খুঁটিপুজোয় থাকব। তবে পুজোর সভাপতি বা অন্য কোনো পদে থাকব না।

Advertisement

কলকাতার সেরা সাবেকি পুজোগুলির অন্যতম কলেজ স্কোয়ার। বাংলার প্রতিটি মানুষের কাছে কলেজ স্কোয়ারের পুজোর আলাদা আকর্ষণ। প্রতিবছরই প্রতিমা ও আলোকসজ্জায় চমকে দেয় এই পুজো। দর্শক সমাগমে রেকর্ড তৈরি করে। রাজ্যে পালাবদলের পর কলেজ স্কোয়ার পুজোর উদ্যোক্তারা চাইছেন, পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হন বিজেপির রাজ্য সভাপতি। ইতিমধ্যেই তাঁরা শমীকের সঙ্গে দেখা করে এসেছেন। তাঁদের পক্ষ থেকে কমিটির চেয়ারম্যান পদ গ্রহণের জন্য শমীকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। পুজো কমিটির মুখ্য সংগঠক বিকাশ মজুমদার জানান, চেয়ারম্যান পদটি সাম্মানিক। সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে শমীকবাবুর মতো সুপরিচিত সমাজসেবককে এই পদ দিয়ে সম্মানিত করা হচ্ছে। উনি পুজোর সঙ্গে যুক্ত হলে ওঁর পরামর্শে আরও সুন্দর পুজো করতে পারা যাবে। এর আনুষ্ঠানিক সূত্রপাত হচ্ছে রথযাত্রার দিন। ওই দিন পুজো প্রাঙ্গণে খুঁটিপুজো অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকার জন্য শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শমীকবাবু সংবাদ মাধ্যমে জানান, কলেজ স্কোয়ার অত্যন্ত ঐত্যিহমণ্ডিত দুর্গাপুজা। সমাজের বিশিষ্ট মানুষরা এই পুজোয় যুক্ত ছিলেন। কিন্তু আমি কোনো সভাপতি পদে থাকতে ইচ্ছুক নই। আমি চাই নিরপেক্ষ, গুণী মানুষ, যাঁরা সমাজে রয়েছেন তাঁরাই এই পুজোর সঙ্গে থাকুন। তবে আমি অবশ্যই খুঁটিপুজোর অনুষ্ঠানে যাব। একই সঙ্গে শমীক জানান, পুজো কালচার, পুজো নিয়ে প্রতিযোগিতা, পেশীশক্তির প্রদর্শন কোথাও অস্থিরতা তৈরি করা, আমাদের অবস্থান নয়। স্থানীয় এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষ পুজোর বিভিন্ন কমিটিতে পদে থাকুন। ঘটনাচক্রে সোমবারই সামনে আসে সুরুচি সংঘের পুজো কমিটির নতুন সম্পাদক হয়েছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার। আবার কলেজ স্কোয়ার পুজো কমিটির সঙ্গেও রাজনৈতিক নেতাদের সুদীর্ঘ যোগাযোগ। এবার দেখার খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি কী বার্তা দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ