নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আজ, বুধবার থেকে আবেদন করা যাবে কলেজে ভর্তির। দুপুর ২টো থেকে খুলবে কেন্দ্রীয় পোর্টাল। অনলাইনে সেখানে প্রয়োজনীয় নথি দিয়ে কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। গত বছর বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে পড়ুয়া ভর্তির হার সন্তোষজনক ছিল না। পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়ার জন্য ফোন করে আবেদন করা হচ্ছিল। তাই এবারও কলেজে ভর্তির প্রক্রিয়ার মধ্যে বিজ্ঞান বিভাগ নিয়ে অতিরিক্ত নজর রাখছে কর্তৃপক্ষ। এমনকী, কলেজের বিভিন্ন বিভাগের তথ্য, হেল্প ডেস্কের নম্বর জানিয়ে সামাজিক মাধ্যমে লিফলেটও ছড়াচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর আজ, মঙ্গলবার থেকেই কলেজে ভর্তির পোর্টাল চালু হচ্ছে। আগামী ১ জুলাই পর্যন্ত তা চলবে। ৬ জুলাই প্রকাশ করা হবে মেরিট লিস্ট। হবে আসন বণ্টন। ওইদিন থেকে ১২ জুলাই পর্যন্ত কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলবে। তারপর আরও কয়েকটি ধাপে ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত কাজ চালানো হবে। ১ আগস্ট থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু হবে কলেজে কলেজে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে আরামবাগ মহকুমার কলেজগুলিতে সেই ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। আরামবাগ মহকুমায় গোঘাট, খানাকুল ও আরামবাগ থানা এলাকায় ছয়টি কলেজ রয়েছে। কিছু কলেজে রয়েছে বিজ্ঞান বিভাগে পড়ার ব্যবস্থাও।
খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের অধ্যক্ষ দীপক ভার্গব বলেন, আমাদের কলেজে প্রায় আড়াই হাজার আসন। গত বছর পদার্থ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিতের মতো বিষয়গুলিতে পড়ুয়া ভর্তি ভালো সংখ্যক হয়নি। এবার আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। স্কুলগুলিতে গিয়েও ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। এমনকী, পড়ুয়াদের কলেজে এনে ল্যাবরেটরি সহ নানা পরিকাঠামো দেখানো হয়েছে। গত বছর পড়ুয়াদের ফোন করা হয়েছিল। এবার শিক্ষাদপ্তরের নির্দেশ মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গরাই বলেন, পড়ুয়ারা ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে ফোন করলে আমরা জানাচ্ছি। আমাদের কলেজে মিউজিক বিভাগে ভর্তি হতে কেন্দ্রীয় পোর্টালে ব্যবস্থা নেই। পড়ুয়ারা সরাসরি এলেই মিউজিক বিভাগে ভর্তি নেওয়া হবে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হওয়ায় সুবিধাও হচ্ছে। বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার আবেদন তুলনামূলক কম আসছে। তাই এই বিভাগগুলিতে ভর্তির আবেদন বাড়ার প্রত্যাশা রাখছি। তবে আমাদের কলেজে পড়ুয়া ভর্তি ভালোই হয়ে থাকে।