Bartaman Logo
২৭ মে, ২০২৬

কোয়েম্বাটোরে শিশুকন্যা খুন: সাংবাদিক বৈঠকে হেসে গড়িয়ে পড়ল পুলিশ

কোয়েম্বাটোরে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র তোলপাড় গোটা রাজ্য। অভিযোগ, ১০ বছরের মেয়েটিকে অপহরণের পাশাপাশি ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতীরা। এনিয়ে তামিলনাড়ুতে নব-নির্বাচিত টিভিকে সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এবার আরও বিপাকে পড়ল বিজয়ের সরকার।

কোয়েম্বাটোরে শিশুকন্যা খুন: সাংবাদিক বৈঠকে হেসে গড়িয়ে পড়ল পুলিশ
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০

চেন্নাই: কোয়েম্বাটোরে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র তোলপাড় গোটা রাজ্য। অভিযোগ, ১০ বছরের মেয়েটিকে অপহরণের পাশাপাশি ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতীরা। এনিয়ে তামিলনাড়ুতে নব-নির্বাচিত টিভিকে সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এবার আরও বিপাকে পড়ল বিজয়ের সরকার। সম্প্রতি এই খুনের ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে হেসে ফেলেন তামিলনাড়ুর শিল্পমন্ত্রী এস কীর্থনা। এখানেই শেষ নয়। খুনের ঘটনায় যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেখানেও হাসতে থাকেন শীর্ষ পুলিশ আধিকারিকরা। এমন এক গুরুতর বিষয়ে মন্ত্রী থেকে পুলিশের এহেন আচরণে চারদিকে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও। বিজয়ের সরকারকে কটাক্ষ করে তাদের বক্তব্য— চরম অসংবেদনশীল আচরণ। এগুলি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisement

সামনে এসেছে পুলিশ আধিকারিকদের সাংবাদিক বৈঠকের সেই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, নখ বাজাতে বাজাতে হাসছেন তামিলনাড়ু পুলিশের আইজি (পশ্চিম জোন) আর ভি রম্যা ভারতী। তাঁর পাশে বসে রয়েছেন কোয়েম্বাটোরের ডিআইজি ও এসপি। তাঁদের মধ্যে একজন আধিকারিকও হাসছিলেন। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তামিলনাড়ু পুলিশের নিন্দা করার পাশাপাশি মন্ত্রীকেও কটাক্ষ করেছেন অনেকে। সরব হয়েছেন বিজেপি নেতা বিনোজ পি সেলভম। তাঁর বক্তব্য, ‘মন্ত্রী একজন মহিলা হয়েও একটি বালিকার খুনের ঘটনায় হাসাহাসি করছেন। এই ধরনের আচরণ তামিলনাড়ুর আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।’
এনিয়ে পুলিশের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে মন্ত্রী এস কীর্থনা জানান, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর হেসেছিলেন তিনি। অযথা রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেবে প্রশাসন।

সম্পর্কিত সংবাদ