নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘শুধু জ্ঞানেশ কুমার নয়। যদি প্রয়োজন হয়, তাহলে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ইস্তফা চাওয়া হবে।’ বুধবার কেন্দ্রীয় সরকারকে এমনই চরম হুঁশিয়ারি দিয়েছে ‘ককরোচ’রা। সেইমতো জানা যাচ্ছে, কাল, শুক্রবার মুম্বইয়ের আন্দোলন থেকেই প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদির ইস্তফার দাবিও তুলতে পারে ককরোচ জনতা পার্টি। এপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, জেন জি’রা কি তাহলে ভবিষ্যতের ‘যন্তরমন্তর ৩.০’ কর্মসূচির গেম প্ল্যানও ইতিমধ্যেই ছকে ফেলেছে? প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ তুলে সেই ব্যাপারেই কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? স্বভাবতই প্রবল আশঙ্কার মেঘ তৈরি হয়েছে পদ্মশিবিরের অন্দরে।
এসআইআরে কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কাল, শুক্রবার থেকে মুম্বইয়ের শিবাজি পার্কে আন্দোলন শুরু করছে ককরোচ জনতা পার্টি। হবে আইন অমান্য। মুম্বইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। যদিও বুধবার ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে জানিয়েছেন, জেল ভরো কর্মসূচি হলেও তাঁদের আন্দোলন শান্তিপূর্ণই থাকবে। এদিন এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেছেন, ‘প্রত্যেকেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন। আপনারাও আসুন। জ্ঞানেশ কুমার যতদিন পর্যন্ত ইস্তফা না দিচ্ছেন, ততদিন মাটি কামড়ে পড়ে থাকুন। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে।’ বুধবার যেভাবে ভিডিও বার্তা দিয়েছেন অভিজিৎ, সেই ভঙ্গিমাকেও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখা যাচ্ছে, হাতে ক্রিকেটের একটি লাল ডিউস বল রয়েছে অভিজিতের। বার্তাটি দেওয়ার সময় তিনি ক্রমাগত সেই বল নাচাচ্ছেন। সামান্য উপরে ছুঁড়ছেন, আবার লুফে নিচ্ছেন। ওয়াকিবহাল মহলের দাবি, খেলোয়াড়ি ভঙ্গিমায় আদতে নরেন্দ্র মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে।
বুধবার মুম্বইয়ের শিবাজি পার্কের সামনে থেকে ভিডিও বার্তা পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির আরেক সদস্য আশুতোষ রাঙ্কা। তাঁর দাবি, ‘ককরোচদের আন্দোলনের ঝাঁজ আবারও টের পাবে মোদি সরকার। পদত্যাগ না করা পর্যন্ত জ্ঞানেশ কুমারের রেহাই নেই। তিনি ভোট চুরি করেছেন।’ লক্ষণীয় বিষয় হল, এমন প্রেক্ষাপটে আচমকাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছে ‘জেন জি অব ইন্ডিয়া’ নামে একটি প্রোফাইল। ২০২৩ সালের আগস্ট মাসে এই প্রোফাইল সোশ্যাল মিডিয়ায় জয়েন করলেও এর সক্রিয়তা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ‘ককরোচ’দের দ্বিতীয় দফায় আন্দোলন ঘোষণার পর। কয়েকদিনের মধ্যেই এই প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।