নয়াদিল্লি, ২ জুন: দল গঠনের পর প্রথমবারের মতো আমেরিকা থেকে ভারতে ফিরছেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী ৬ জুন দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেছেন অভিজিত্। সোমবার তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তায় এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতে ফিরবেন এবং ছাত্র-যুবদের নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি।
ভিডিও বার্তায় অভিজিৎ দাবি করেন, 'বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর অভিযোগ, বিশেষ করে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের কারণে বহু শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং এর রাজনৈতিক ও প্রশাসনিক দায়ভার শিক্ষামন্ত্রীরই নেওয়া উচিত'। তিনি আরো বলেন, 'দেশের ছাত্রসমাজকে এবার একত্রিত হয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে নিজেদের দাবি জানাতে হবে। তাঁর মতে, শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সরকারের কাছে জবাবদিহি দাবি করা জরুরি। ১ কোটিরও বেশি ছাত্রছাত্রীর জীবন নিয়ে তামাশা করা হয়েছে যার মধ্যে রয়েছে নিট থেকে ২২ লক্ষ, সিবিএসসি থেকে ১৭ লক্ষ , সিইউইটি থেকে ১৬ লক্ষ এবং এসএসসি জিডি থেকে ৪০ লক্ষ। ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন ও চিন্তিত। এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। পরীক্ষার্থীদের উদ্বেগ ও হতাশার জন্য দায়ী ব্যক্তি বিশেষ করে শিক্ষামন্ত্রীকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সিজেপি প্রতিষ্ঠাতা বলেন, এত বড় বিতর্ক ও অভিযোগের পরও শিক্ষামন্ত্রী পদত্যাগ না করায় প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর বক্তব্য, ক্ষতির বোঝা শুধু ছাত্রছাত্রীদের কাঁধেই এসে পড়ছে। অভিজিৎ জানান, ৬ জুন সকালে দিল্লিতে পৌঁছে তিনি সমর্থকদের সঙ্গে প্রথমে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন এবং সেখান থেকে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি নেবেন। এই কর্মসূচি সম্পূর্ণ অহিংস এবং সংবিধানসম্মত পদ্ধতিতেই পরিচালিত হবে বলে তিনি স্পষ্ট করেছেন। একই সঙ্গে যাঁরা মনে করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, তাঁদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।