নয়াদিল্লি: ইস্যু একটাই—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই! সেই দাবিতেই রাজধানী দিল্লির যন্তরমন্তরে চলছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন। বুধবার তা ১২ দিনে পড়ল। ককরোচ বিক্ষোভে যোগ দিয়েছেন পড়ুয়া, চাকরিপ্রার্থী ও বহু সাধারণ মানুষ। গত ৪ দিন ধরে অনশন করছেন সমাজকর্মী তথা বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনাম ওয়াংচুক। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অনশনরত এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে এদিন।
সোনাম ওয়াংচুক জানিয়েছেন, তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে জল ও লবন খাওয়ার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন,‘তিন দিন ধরে খাবার না খাওয়ার জন্য আমার শরীরে সুগার লেভেল কমে ৬৬ হয়েছে। আমার শরীর চর্বি থেকে ফ্যাট সংগ্রহ করছে। অনশন আরও দীর্ঘায়িত হলে পেশি, এমনকি অঙ্গ-প্রত্যঙ্গেরও ক্ষতি হতে পারে। তবে আমার পরিস্থিতি এখন স্থিতিশীল।’ গত তিনদিনে সোনামের ওজন ২ কিলোগ্রাম কমেছে। যদিও তাঁ দাবি, ‘২০ জনেরও বেশি পড়ুয়ার মৃত্যু হয়েছে, গত সেপ্টেম্বরে লাদাখের আন্দোলনেও ৫ যুবকের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আমার অসুবিধা নগণ্য।’ সিজেপি প্রধান অভিজিৎ দিপকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে অনশনে অংশ নেওয়া ইনেশ নামের এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।