Bartaman Logo
১৮ জুন, ২০২৬

কয়লা পাচার কাণ্ড: অভিযুক্ত অনুপ মাজিকে নোটিস দিল সুপ্রিম কোর্ট

কয়লা পাচার কাণ্ডে পালিয়ে বেড়ানো অনুপ মাজিকেই অন্যতম ‘কিং পিন’ হিসাবে চিহ্নিত করেছে ইডি।

কয়লা পাচার কাণ্ড: অভিযুক্ত অনুপ মাজিকে নোটিস দিল সুপ্রিম কোর্ট
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়লা পাচার কাণ্ডে পালিয়ে বেড়ানো অনুপ মাজিকেই অন্যতম ‘কিং পিন’ হিসাবে চিহ্নিত করেছে ইডি। তাই সুপ্রিম কোর্টে তার আগাম-জামিন বাতিলের আবেদন করেছে তারা। সেই মামলায় মঙ্গলবার অনুপ মাজিকে নোটিস ইস্যু করল শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল শুনানি। সেখানে অনুপের আইনজীবী সিদ্ধার্থ দাভে জানান, আমার মক্কেল মোট ২৩ বার হাজিরা দিয়েছে। ফলে তদন্তে সহযোগিতা তো করা হচ্ছে। তাহলে ইডি কেন হেপাজতে নিতে চাইছে? 

Advertisement

যদিও ইডির আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, বহুদিন ধরে পলাতক ছিলেন অনুপ মাজি। পাঁচ বছর ধরে মামলার তদন্ত চলছে। ২ হাজার ৭০০ কোটি টাকার কয়লা কেলেঙ্কারির মাথা। হাওলা কাণ্ডে জড়িত। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে  যোগাযোগ। তাছাড়া এই জামিন ‘রেগুলার বেল’ নয়। আগাম-জামিন। তাই এটি খারিজ করা হোক। 
শুনানির পর্যবেক্ষণে বিচারপতি নাথ ইডির উদ্দেশে বলেন, ওই ব্যক্তি সিবিআই হেপাজতে ছিল। তখন কেন জেরা করেননি? এখন পাঁচ বছর পরে নতুন করে কী জানতে চাইছেন ? আগে কেন পদক্ষেপ নেননি? কত বছর ধরে পলাতক? তাছাড়া আপনার সংস্থা কাউকে ধরতে পারছে না তো আদালত কী করবে? একইসঙ্গে কিছুটা হালকা চালে অথচ ইঙ্গিতপূর্ণভাবে বিচারপতি বিক্রম নাথ শুনানির পর্যবেক্ষেণে মন্তব্য করেন, এখন তো ভোটের ফলাফলের পর সব প্রভাব চলে গিয়েছে! অল ইনফ্লুয়েন্স হ্যাভ গন। দ্রুত ট্রায়াল শেষ করতে হবে। অনুপ মাজিকে নোটিস ইস্যু করা হচ্ছে। অর্থাৎ কোন যুক্তিতে তাঁর আগাম জামিন বাতিল করা হবে না, তা অনুপ মাজিকে আদালতের সামনে বলতে হবে। আগামী আট সপ্তাহের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। তার চার সপ্তাহ পরে ইডি জানাবে তাদের বক্তব্য। সেপ্টেম্বর মাসে হবে পরবর্তী শুনানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ