Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেস্টের প্রথম একাদশ বেছে নেওয়াই লক্ষ্য কোচের, আজ শুরু ভারতের প্রস্তুতি ম্যাচ

‘ক্লোজড ডোর’ অনুশীলন ফুটবল মাঠেই বেশি শোনা যায়। বাইশ গজে এই ধরনের শব্দবন্ধনী খুব একটা কানে আসেনি অতীতে। তবে সময় বদলেছে।

টেস্টের প্রথম একাদশ বেছে নেওয়াই লক্ষ্য কোচের, আজ শুরু ভারতের প্রস্তুতি ম্যাচ
  • ১৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

বেকেনহ্যাম: ‘ক্লোজড ডোর’ অনুশীলন ফুটবল মাঠেই বেশি শোনা যায়। বাইশ গজে এই ধরনের শব্দবন্ধনী খুব একটা কানে আসেনি অতীতে। তবে সময় বদলেছে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় ক্রিকেটাররা এখন এর সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন। গত অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলের অনুশীলনের খবর যাতে বাইরে না যায়, তার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। প্র্যাকটিস গাউন্ড ঢেকে দেওয়া হয়েছিল কালো কাপড়ে। ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত তেমন বন্দোবস্ত চোখে না পড়লেও, বেকেনহ্যামে ভারতীয় দলের চারদিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ ‘ক্লোজড-ডোর’ করার চিন্তাভাবনা টিম ম্যানেজমেন্টের। ভক্তকুলের প্রবেশের অনুমতি নেই। টিম ম্যানেজমেন্ট চাইছে, প্রতিপক্ষ শিবির যাতে কোনওভাবেই দলের কৌশল জানতে না পারে। আসলে ২০ জুন লিডসে শুরু প্রথম টেস্ট। তার আগে কম্বিনেশন গড়ে তোলার জন্য চারদিনের প্রস্তুতি ম্যাচকেই বেছে নিয়েছেন কোচ গম্ভীর। যেহেতু একটা সরকারিভাবে প্রথম শ্রেণির ম্যাচ হিসেবে স্বীকৃতি পায়নি, তাই কোনও ব্যাটার শুরুতেই আউট হলেও আবার সুযোগ পেতে পারেন। মোট ৩৬০ ওভারের খেলা। ম্যাচ সিচুয়েশন ক্রিকেটারদের মনোবল বাড়াবে। ইংল্যান্ডের আবহাওয়া, পিচ সম্পর্কেও ধারণা তৈরি হবে গিলদের। তাই চারদিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ ভারতীয় দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

Advertisement

শুধু ব্যাটার, বোলাররাও বাড়তি সুযোগ পাবেন। বিশেষ করে স্পিনারদের ঝালিয়ে নিতে চাইবেন গুরু গম্ভীর। ইংল্যান্ডের বাজবল থামাতে তিনি স্পিনকে হাতিয়ার করতে পারেন। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ইংরেজ ব্যাটারদের মোকাবিলার জন্য কতটা প্রস্তুতি, সেটাও দেখে নেওয়ার পালা। একই সঙ্গে চোখ থাকবে বুমরাহর উপর। তাঁর ফিটনেস নিয়ে চর্চা সর্বত্র। তাঁকে নাকি সব ম্যাচে খেলানো হবে না। তাহলে বুমরাহর অভাব ঢাকার জন্য অর্শদীপ, প্রসিদ্ধরা কতটা তৈরি, সেটাও বোঝা যাবে চারদিনের ম্যাচের পারফরম্যান্স দেখে। 
এবারের ইংল্যান্ড সিরিজ ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ। কোহলি, রোহিত অবসর নিয়েছেন। নেই সামি। অধিনায়ক হিসেবে গিলের সামনে নতুন চ্যালেঞ্জ। তবে তিনি সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর। সতীর্থদের উদ্দেশে ভারত অধিনায়কের বার্তা, ‘প্রতিটা নেট সেশনে আমাদের সবাইকে নিঙড়ে দিতে হবে। এখন থেকেই চাপ নেওয়ার অভ্যাস রপ্ত করে ফেলা দরকার। যাতে মাঠে নেমে কখনও মনে না হয় আমরা টিকে থাকার জন্য লড়ছি। চাপ নিয়েও যে ভালো  খেলতে পারি, সেটা বোলার, ব্যাটার—সবাই মিলে দেখিয়ে দিতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ