Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

ধারাবাহিকতায় নজর কোচ সের্গিও লোবেরার

বুধবার বিকেলের যুবভারতীর দু’টি প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় একই সময়ে মাঠে নামল ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। তবে দুই শিবিরে দেখা মিলল পুরোপুরি ভিন্ন চিত্র।

ধারাবাহিকতায় নজর কোচ সের্গিও লোবেরার
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বিকেলের যুবভারতীর দু’টি প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় একই সময়ে মাঠে নামল ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। তবে দুই শিবিরে দেখা মিলল পুরোপুরি ভিন্ন চিত্র। একদিকে টানা ৪টি ম্যাচ জিতে লিগ টেবিলের মগডালে লোবেরা ব্রিগেড। পাশাপাশি ১৪টি গোল রয়েছে মোহন বাগানের ঝুলিতে। স্বাভাবিকভাবেই সবুজ-মেরুন শিবিরে ফিল গুড পরিবেশ। হাসি, ঠাট্টা, খুনসুটির মধ্যেই বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি সারলেন দিমিত্রি-ম্যাকলারেনরা। তবে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে বেশ সাবধানী বাগানের স্প্যানিশ কোচ। আগের চারটি প্রতিপক্ষের চেয়ে বেঙ্গালুরু কিছুটা হলেও শক্তিশালী। দলে সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, ব্রিয়ান স্যাঞ্চেজ, রাহুল ভেকে, আশিক কুরুনিয়ানের মতো ফুটবলার রয়েছে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। তবে প্রতিপক্ষকে বেশ গুরুত্ব দিচ্ছেন লোবেরা। তবে যাবতীয় প্রতিকূলতাকে জয় করে গার্ডেন সিটি থেকেও পুরো পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য তাঁর। তাই বুধবার পাসিং ফুটবলের উপর জোর দিলেন তিনি। সঙ্গে চলল ম্যাচ অনুশীলন। দলের প্রতিটি ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিলেন বাগানের হেড স্যার।

Advertisement

এদিনও দলের সঙ্গে অনুশীলন করলেন না রবসন। মূলত ফিজিওর সঙ্গে রিহ্যাব সারলেন তিনি। ফলে শনিবার যে ব্রাজিলিয়ান ফুটবলারটি নেই, তা বলাই যায়। এছাড়া দলে খুব একটা চোট সমস্যা নেই। অন্যদিকে, টানা দু’টি ম্যাচে পয়েন্ট খুইয়ে বেশ চাপে অস্কার ব্রিগেড। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মিগুয়েল-মহেশরা। অনুশীলনেও সেই তাগিদ দেখা গেল। চোট সারিয়ে অনেকটাই সুস্থ সাউল ক্রেসপো। ফলে কেরলের বিরুদ্ধে তাঁকে রেখেই দল সাজাতে পারেন কোচ অস্কার ব্রুজোঁ।
এদিকে, অনূর্ধ্ব-১৬ এআইএফএফ জুনিয়র লিগে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে হাফ ডজন গোলের মালা পরাল সবুজ-মেরুনের ছোটোরা। হ্যাটট্রিক করে রাজদীপ পাল। এছাড়া স্কোরশিটে নাম তোলে অভ্রনীল বিশ্বাস, সায়ন হালদার ও অর্ক ভাস্কর।

সম্পর্কিত সংবাদ