মায়ামি: টানা দ্বিতীয়বার কাপ জয়ের লক্ষ্যে অবিচল আর্জেন্তিনা। কেপ ভার্দের চ্যালেঞ্জ টপকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন লিও মেসিরা। জিতলেও নক-আউটের শুরুতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ডিয়েগো মারাদোনার দেশকে। বিশ্বকাপের আসরে প্রথমবার খেলতে নামা প্রতিপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে কোনোক্রমে জয় ছিনিয়ে নেয় তারা। আফ্রিকার দেশটির বিরুদ্ধে আর্জেন্তিনার খেলাতে বেশ কিছু গলদ দেখা গিয়েছে। আর তা নিশ্চয়ই কোচ লায়োনেল স্কালোনির নজর এড়ায়নি। পরের ম্যাচে মেসিদের প্রতিপক্ষ মিশর। হাতে মাত্র দু’দিন। তাই সময় নষ্ট না করে রবিবার মায়ামিতেও প্রি-কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল আর্জেন্তিনা।
মঙ্গলবার সাহালদের বিরুদ্ধে প্রথম একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে পারেন মেসিদের হেড স্যার। চলতি বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে বাঁ প্রান্তে শুরু করেছেন থিয়াগো আলমাদা। তবে কেপ ভার্দের বিরুদ্ধে একেবারেই ভরসা জোগাতে পারেননি এই তরুণ উইঙ্গার। বরং পরিবর্ত হিসেবে মাঠে নেমে অনেক বেশি নজর কেড়েছেন নিকো গঞ্জালেস। তাই মিশরের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে ফেরার সম্ভবনা প্রবল। একই সঙ্গে লেফট উইং-ব্যাক পজিশনেও আসতে পারে বদল। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরু করবেন নিকোলাস টাগলিয়াফিকো। তবে যোগ্য ডিফেন্সিভ ব্লকারের অভাবে ভুগছে আর্জেন্তিনা। এনজো ফার্নান্ডেজ ও ম্যাক অ্যালিস্টার অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসেন। রডরিগো ডে পলও খুব একটা কার্যকরী হতে পারছেন না। সেই জায়গায় লিয়ান্ড্রো পারাদেস পরিবর্ত হিসেবে মাঠে নেমে অনেক বেশি ভরসা জোগাচ্ছেন। তাই এই জায়গাতেও বদলের সম্ভবনা প্রবল। আবার আপফ্রন্টে জায়গা পাওয়ার প্রশ্নে লাওতারো মার্তিনেজ ও আলভারেজের মধ্যে শুরু থেকেই দড়ি টানাটানি চলছে।
চলতি বিশ্বকাপে মূলত কানসাস সিটিতে প্রস্তুতি সারছে আর্জেন্তিনা। তবে প্রি-কোয়ার্টার ফাইনালের আগে মায়ামিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। মেসির ক্লাবের চৌহদ্দিতে মিশর ম্যাচের প্রস্তুতি সারে দল। শনিবার বৃষ্টির কারণে জিমেই ঘাম ঝরিয়েছিলেন মেসি-আলভারেজরা। রবিবার মায়ামিতে প্রস্তুতি সেরে আটালান্টা রওনা দেবে দল। সোমবার সেখানেই চূড়ান্ত মহড়া সারবে আর্জেন্তিনা।