Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন শ্রেয়সকে প্রশংসায় ভাসালেন কোচ রিকি পন্টিং

মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আয়ারকে কিনেছিল পাঞ্জাব কিংস। তখন হয়তো অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, সত্যিই এত টাকার যোগ্য তো? কিন্তু এখন আর সংশয়ের অবকাশ নেই।

ক্যাপ্টেন শ্রেয়সকে প্রশংসায় ভাসালেন কোচ রিকি পন্টিং
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আয়ারকে কিনেছিল পাঞ্জাব কিংস। তখন হয়তো অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, সত্যিই এত টাকার যোগ্য তো? কিন্তু এখন আর সংশয়ের অবকাশ নেই। প্রথম বছরই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। আর চলতি আসরে তাঁর অধীনে পাঞ্জাব তো রীতিমতো অশ্বমেধের ঘোড়া হয়ে উঠেছে। সাত ম্যাচ পরও প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি কোনো ম্যাচ হারেনি। শুধু নেতৃত্ব নয়, শ্রেয়সের ব্যাটিংও মুগ্ধ করছে ক্রিকেট মহলকে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জেতার পর পাঞ্জাবের কোচ রিকি পন্টিংয়ের গলাতেও শোনা গেল ক্যাপ্টেনের বন্দনা। তিনি বলেন, ‘শ্রেয়স অসাধারণ ক্রিকেটার। জানতাম, সময়ের সঙ্গে দারুণ নেতাও হয়ে উঠবে। দলকে পুরো বদলে দেবে। সেই কারণে নিলামে ওর জন্য অল-আউট ঝাঁপিয়ে ছিলাম।’

Advertisement

রিটেইন না করলেও ২০২৫ মেগা নিলামে শ্রেয়সকে ফের দলে নিতে আগ্রহী ছিল কলকাতা নাইট রাইডার্স। দর হাঁকছিল দিল্লি ক্যাপিটালসও। কিন্তু শেষ পর্যন্ত তাদের টেক্কা দিয়ে বাজিমাত করে পাঞ্জাব। তার ফলও মিলছে হাতেনাতে। শনিবার দিল্লির বিরুদ্ধে অপরাজিত ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে রিকি পন্টিংয়ের বক্তব্য, ‘বিশ্বাস ছিল, শ্রেয়স শেষ পর্যন্ত টিকে গেলে আমরাই জিতব। তা মাঠে গিয়ে ওকে বলেও আসি। সেটাই করে দেখিয়েছে। শ্রেয়সের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’ তবে রেকর্ড রান তাড়া করে জিতলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ পন্টিং। তাঁর কথায়, ‘আমরা ২৬৫ রান তাড়া করে জিতেছি ঠিকই। তবে এটও তো ঠিক যে, আমরা বিপক্ষ দলকে ২৬৪ করতে দিয়েছি। তাই বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’ এদিকে, জয়ের পর ক্যাপ্টেন শ্রেয়স বলেন, ‘দিল্লি যত রানই করুক, তার থেকে এক রান বেশি করতে হবে আমাদের, এই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম। লোকেশ রাহুল ব্যাট করার সময় ভাবছিলাম, ও পারলে আমরা পারব না কেন। লক্ষ্য ছিল পাওয়ার প্লে-তে যথাসম্ভব বেশি রান তোলা। ওপেনাররা কাজটা সহজ করে দিয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ