Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবি ম্যাচে চার ডিফেন্ডারে ফেরার ভাবনা কোচ পানোসের

শরতের সন্ধ্যায় মনোরম পরিবেশ। কিন্তু তাতে কী? মোহন বাগান ড্রেসিং-রুমে উত্তাপের পারদ ঊর্ধ্বমুখী।

খেতাবি ম্যাচে চার ডিফেন্ডারে ফেরার ভাবনা কোচ পানোসের
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: শরতের সন্ধ্যায় মনোরম পরিবেশ। কিন্তু তাতে কী? মোহন বাগান ড্রেসিং-রুমে উত্তাপের পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার যুবভারতীতে আইএফএ শিল্ডের ফাইনালে প্রতিপক্ষ যে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের শিরোপা নির্ণায়ক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ১-৪ ব্যবধানে হারের ক্ষত এখনও টাটকা। এরপর কলকাতা লিগেও সিনিয়রদের নিয়ে পূর্ণশক্তির দল নামিয়েও মশালের আগুন নেভাতে ব্যর্থ সাহাল, মনবীররা। কাটা ঘায়ে প্রলেপ লাগাতে তাই শিল্ড চাই-ই চাই। তার উপর রয়েছে শিরোপা ধরে রাখার চাপ। তাই উত্তাপ থাকাটাই স্বাভাবিক। তবে সেই আঁচ গায়ে মাখছেন না মিগুয়েল। তিনি বরং ‘কুল’। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় তাঁর কাছে ডার্বি জয়ের আবদারের পাশাপাশি উড়ে এল দু’গোলের ফরমায়েশও। দু’হাত তুলে আশ্বস্ত করে গাড়িতে উঠলেন ব্রাজিলিয়ান মিডিও। ছন্দে থাকলে ডার্বিতে সবুজ-মেরুন কোচ পানোসের অন্যতম সেরা বাজি হতে পারেন তিনি। মোহন বাগানে এসে সব ডার্বি জয়ের অঙ্গীকার করেছিলেন মিগুয়েল। তবু ডুরান্ড ফাইনালে পরিবর্ত হিসাবে নেমে দলের হার বাঁচাতে পারেননি। শিল্ড জিতে সেই আক্ষেপ মেটানোর প্রত্যয় তাঁর বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট।

Advertisement

ঐতিহ্যশালী টুর্নামেন্টের শুরু থেকেই কোচ পানোস দলকে তিন ডিফেন্ডারে খেলিয়েছেন। কিন্তু ডার্বিতে বদলাতে পারে তাঁর গেমপ্ল্যান। বুধবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বড়ো ম্যাচের চূড়ান্ত প্রস্তুতিতে চার ডিফেন্ডার নিয়ে অনুশীলন করালেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে আলবার্তো ও রাহুল ভেকের পাশাপাশি অ্যালেক্স সাজিকেও পরখ করে রাখলেন পানোস। দুই উইং-ব্যাকের ভূমিকায় দেখা গেল শুভাশিস ও মেহতাব সিংকে। মঙ্গলবার দেশের জার্সিতে উরুগুয়ের বিরুদ্ধে বেঞ্চেই ছিলেন পাঞ্জাবের ডিফেন্ডার। ডার্বিতে কোচ পানোস তাই শুরু থেকেই মেহতাবকে ব্যবহার করতে পারেন। জাতীয় শিবির থেকে এদিন ছয় ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে মনবীর, আপুইয়ারা এদিন কুল-অফ করলেন। পুরোদমে গা ঘামাতে দেখা গেল কেবল মেহতাব সিংকে। দৌড় ও ফিটনেসের পর মাঝমাঠের ফুটবলারদের নিয়ে ছোট্ট টিম মিটিং সেরে নিলেন গ্রিক কোচ। তারপর শুরু হল ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। এই পর্বে মাঝমাঠে ব্লকার দীপক টাংরির সঙ্গে লিংকম্যানের ভূমিকায় জেলকোভিচকে ব্যবহার করলেন তিনি। দুই উইংয়ে ড্র্যাজিচ ও ছাংতের শুরু করার সম্ভাবনাই বেশি। নম্বর টেন পজিশনে মিগুয়েলের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল খেলা দুই প্রান্তে ছড়িয়ে দেওয়ার। আর লক্ষ্যভেদে কোচ পানোসের সবেধন নীলমণি আরউইন। শিল্ড ধরে রাখতে স্কট স্ট্রাইকারকে বাড়তি দায়িত্ব নিতেই হবে। চোটে কাবু ম্যাকার অনুপস্থিতিতে তাই আরউইনের সামনে অগ্নিপরীক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ