নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঠের এক প্রান্তে পরিবার নিয়ে শিল্ড জয়ের সেলিব্রেশনে মত্ত মোহন বাগান ফুটবলাররা। অপর প্রান্তের ডাগ-আউটে তখন শ্মশানের নীরবতা। কোচ আন্তোনিও লোপেজ হাবাস ও ফুটবলাররা নির্বিকার। মাত্র দু’দিন আগেই নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিলেন জিকসন-বিপিনরা, বৃহস্পতিবার শিল্ড ফাইনালে তার ছিটেফোঁটাও দেখা গেল না। তারউপর আনোয়ারের অনুপস্থিতিতে নড়বড়ে রক্ষণ ইস্ট বেঙ্গলের হারের অন্যতম প্রধান কারণ। খুব সহজেই লাল-হলুদ ডিফেন্ডারদের চ্যালেঞ্জ টপকে গোল করলেন সমীর জেলকোভিচ। এমনকি, পিছিয়ে পড়ার পরেও মরিয়া তাগিদ দেখা যায়নি লাল-হলুদ ফুটবলারদের মধ্যে। স্বাভাবিকভাবে ম্যাচ শেষে তাঁদের মানসিকতা নিয়ে ওঠে প্রশ্ন। এই হারের দায় এড়াতে পারেন না কোচ হাবাসও। স্প্যানিশ কোচ অবশ্য এই হারের পর ঠাসা সূচিকেই দায় করছেন।



