Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেতা সূর্যকুমারে মুগ্ধ কোচ গম্ভীর

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। এই দু’বছরে কুড়ি ওভারের ঘরানায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

নেতা সূর্যকুমারে মুগ্ধ কোচ গম্ভীর
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। এই দু’বছরে কুড়ি ওভারের ঘরানায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। খেতাবক্ষার লড়াইয়ে শনিবার আমেরিকার বিরুদ্ধে ব্যাট হাতে পরিত্রাতা হয়ে ওঠেন তিনি। লম্বা অফ ফর্ম কাটিয়ে ‘স্কাই’ যেভাবে মেজাজে ফিরেছেন, তাতে স্বস্তির শ্বাস নিচ্ছেন সমর্থকরা। কোচ গৌতম গম্ভীর অবশ্য নেতা সূর্যর প্রশংসায় উচ্ছ্বসিত। 

Advertisement

স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে কোচ বলেছেন, ‘ও অসাধারণ নেতা। শুধু মাঠের ভিতরের পারফরম্যান্স দিয়ে বিচার করছি না। সূর্য দুরন্ত ব্যাটসমান, অবিশ্বাস্য সব শট মারে। তবে সেসবই একদিকে রাখছি। যেভাবে ও ক্রিকেটারদের সঙ্গে মেশে, কথা বলে, একসঙ্গে সময় কাটায় তা ভাবা যায় না। মাঠেও ওকে রিল্যাক্সড দেখায়।’ সূর্যর নেতৃত্বে এই সময়কালে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। জয়ী হয়েছে এশিয়া কাপেও। গম্ভীরের মতে, ‘সূর্য থাকায় দলের আবহ যে শান্ত থাকবে, সেই নিশ্চয়তা থাকে। ফলে আমি রণকৌশল নিয়ে ভাবতে পারি। এমন নেতার কথা একজন কোচ কেবল স্বপ্নেই ভাবতে পারে। আমার মতে অধিনায়ক হিসেবে সব ব্যাপারেই সূর্য অনন্য। ফলে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওর আছে।’ 
এদিকে, সোমবারই বিসিসিআই ঘোষণা করল বার্ষিক রিটেনারশিপের তালিকা। মোট তিনজন ক্রিকেটার রয়েছেন ‘এ’ গ্রেডে। তাঁরা হলেন শুভমান গিল, যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছেন ‘বি’ গ্রেডে। তাঁরা ছাড়াও এই গ্রেডে আছেন ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শ্রেয়স আয়ার। আর ‘সি’ গ্রেডে উল্লেখযোগ্য নাম অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, আকাশ দীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, সাই সুদর্শন। তবে গ্রেডেশনে জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা মহম্মদ সামির। নাম নেই চলতি বিশ্বকাপে খেলা ঈশান কিষানেরও। যা নিয়ে অনেকেই বিস্মিত!
মহিলাদের ‘এ’ গ্রেডে রয়েছেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা। ‘বি’ গ্রেডে আছেন রেণুকা ঠাকুর, শেফালি ভার্মা, রিচা ঘোষ, স্নেহ রানা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ