Bartaman Logo
২৯ মে, ২০২৬

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে ইডি-হানা

আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছিল ছেলের। সেই ঘটনার তদন্তে এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে ইডি-হানা
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০

রায়পুর (পিটিআই): আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছিল ছেলের। সেই ঘটনার তদন্তে এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইয়ে বাঘেলের বাড়ি সহ পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। এই ঘটনায় নতুন করে অস্বস্তিতে পড়েছেন কংগ্রেসের এই নেতা। গোটা বিষয়টিকেই ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বাঘেল। এদিন ইডি হানার খবর পেয়ে ভিলাইয়ে বাঘেলের বাড়ির বাইরে ভিড় জমান কংগ্রেসের নেতা-কর্মীরা। তদন্তকারীরা বাড়ি ছেড়ে বেরতেই তাদের উপরে চড়াও হওয়ার ইভযোগ উঠেছে বাঘেল অনুগামীদের বিরুদ্ধে।

Advertisement

কয়েক মাস আগে বেটিং মামলায় নাম জড়িয়েছিল ভূপেশ বাঘেলের। এবার কোটি কোটি টাকার আবগারি কেলেঙ্কারির অভিযোগে ছেলে চৈতন্য বাঘেলের উপর চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, অর্থ তছরুপ প্রতিরোধ আইনে চৈতন্য সহ আরও কয়েকজনের বাড়িতেও এদিন তল্লাশি চলে। সেই খবর ছড়াতেই বাঘেলের বাড়ির বাইরে হাজির হন তাঁর অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) দেখা যায়, ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। পরে পুলিস তাদের সরিয়ে দেয়। অভিযোগ, বিক্ষোভকারীদের ছোড়া পাথরে একটি গাড়ির কাচ ভেঙে যায়। এই ঘটনায় ইডির তরফে এইআইআর দায়ের করা হতে পারে বলে সূত্রের খবর। যদিও গোটা তল্লাশি পর্বকেই কেন্দ্রের ষড়যন্ত্র বলে দাবি করেছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, সংসদের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হাতে নাস্তানাবুদ হচ্ছে সরকার। তাই জনতার নজর ঘোরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ছত্তিশগড় আবগারি মামলায় রাজ্যের কোষাগারে বিপুল ক্ষতি হয়েছিল বলে আগেই জানিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, এই দুর্নীতির মধ্যে দিয়ে আবগারি সিন্ডিকেটে যুক্তদের পকেটে ২ হাজার ১০০ কোটিরও বেশি টাকা ঢুকেছে। ঘটনার তদন্তে নেমে জানুয়ারিতে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা কাওয়াসি লাখমাকে গ্রেপ্তার করেছিল ইডি। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট অবশ্য এই মামলায় ইডির দায়ের করা প্রথম এফআইআর খারিজ করে দিয়েছিল। সেই প্রসঙ্গের উল্লেখ করে এদিন এক্স হ্যান্ডেলে ভূপেশ বাঘেলের দপ্তরের তরফে লেখা হয়, গত সাত বছর ধরে চলা একটি ভুয়ো মামলা আদালতে খারিজও হয়ে গিয়েছে। কিন্তু আজ সকালে ইডির কয়েকজন অতিথি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভিলাইয়ের বাড়িতে এসেছিলেন। যদি কেউ ভাবে, ষড়যন্ত্র করে কংগ্রেসকে আটকাতে পারবে, তাঁরা ভুল করছেন।

সম্পর্কিত সংবাদ