Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়ায় প্রচার গ্রামীণ হাওড়ার প্রার্থীদের

গত কয়েকদিন গ্রীষ্মের প্রখর দাবদাহের পর রবিবার সকাল থেকেই মধুর আবহাওয়া থাকায় জমজমাট হয়ে উঠল রবিবাসরীয় প্রচার।

মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়ায়  প্রচার গ্রামীণ হাওড়ার প্রার্থীদের
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত কয়েকদিন গ্রীষ্মের প্রখর দাবদাহের পর রবিবার সকাল থেকেই মধুর আবহাওয়া থাকায় জমজমাট হয়ে উঠল রবিবাসরীয় প্রচার। গরমের হাত থেকে রেহাই। ফলে সকাল থেকে জোরকদমে প্রচার সারলেন প্রার্থীরা। যদিও বঙ্গে ভোটের উত্তাপ বাড়ছে। তার মধ্যে এপ্রিলের শুরুতে আবহওয়ার এই পরিবর্তনে খুশি প্রার্থী থেকে রাজনৈতিক দলগুলির কর্মী, সমর্থকরা।

Advertisement

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই চৈত্রের গরমের মধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। সময়ের মধ্যে অধিকাংশ ভোটারের কাছে পৌঁছতে গরমের মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলের কর্মী থেকে সমর্থকদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে রবিবার সকাল থেকে আবহাওয়ার আচমকা পরিবর্তনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে প্রার্থী থেকে কর্মী, সমর্থকদের। যদিও এর মধ্যে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি কিছুটা বাধা দিয়েছে প্রচারকেও।
এদিন সকালে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে বাজারে ঘুরে প্রচার সারেন তিনি। রঘুদেবপুরে এলাকায় ঘুরে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী আলম দেইয়ান। সকালে আমতা বিধানসভার বাইনান গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। অন্যদিকে সাবসিট গ্রাম পঞ্চায়েতের চাকুরে প্রচার করেন বিজেপি প্রার্থী অমিত সামন্ত। এদিন সকালেই উদয়নারায়ণপুরের কানপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাইক চালিয়ে প্রচার সারেন বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত। তবে আবহাওয়ার কারণে এদিন প্রচারের পরিবর্তে কর্মীদের নিয়ে বৈঠক সারেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আমিরুল ইসলাম খান। অন্যদিকে পাঁচলা বিধানসভার পানিয়াড়া থেকে নলপুর স্টেশন পর্যন্ত র‍্যালি করেন তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ