সংবাদদাতা, বহরমপুর: বুধবার থেকে মাথার উপর কালো মেঘ দাপাচ্ছে। মেঘের দোসর কালবৈশাখীও ধেয়ে আসছে। দুই প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কায় বোরো চাষিদের রাতের ঘুম ছুটেছে। মুর্শিদাবাদ জেলায় সিংহভাগ জমিতে এখনও পাকা ধান পড়ে। প্রকৃতির খামখেয়ালিপনার আতঙ্কে চাষিরা চিন্তায় রয়েছেন। ঝড়, বৃষ্টির আগে জমিতে নেমে ধান ঘরে তুলতে চাষিরা মরিয়া হয়ে উঠেছেন। চাষিদের দাবি, অনুকূল আবহাওয়ায় এবার বোরো চাষে সর্বোচ্চ ফলন হয়েছে। এখন নির্বিঘ্নে সেই ধান ঘরে তোলাই চাষিদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে উদ্বেগের কারণ নেই বলেই চাষিদের আশ্বস্ত করা হয়েছে। জেলা কৃষি দপ্তরের সহকারি কৃষি অধিকর্তা (প্রশাসক) উৎপল মণ্ডল বলেন, আবহাওয়া চাষিদের ধান তোলার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না বলেই মনে হচ্ছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় সমস্যা হয়েছে। মুর্শিদাবাদে এখনও পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ক্ষতি অপেক্ষা অন্য ফসলের ক্ষেত্রে লাভই হয়েছে। হারভেস্টার মেশিন মাঠে নামলে কয়েক দিনের মধ্যেই চাষিরা ধান ঘরে তুলতে পারবেন। আতঙ্কের কারণ নেই।



