জয়পুর: ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির শুরুতেই চর্চায় এসেছিল রাজস্থানের রামপুরা। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশার কথা তুলে ধরার সময় সিজেপির প্রতিনিধিদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভগ্নপ্রায় স্কুল ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় একটি গোয়ালে পঠনপাঠন চলছিল। সেই ছবি সামনে আসতেই অস্বস্তিতে পড়ে রাজস্থানের বিজেপি সরকার। এবার সেই ভগ্নপ্রায় স্কুল ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। জেলা প্রশাসন ও শিক্ষাদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই স্কুল ভবনটি ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরেই স্কুল ভবনটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল। সেটি আর ব্যবহারও হত না। সিজেপির কর্মসূচির পর গত মাসে রাজস্থান সরকার ঘোষণা করে, ১৮ লক্ষ টাকা খরচ করে দ্রুত স্কুলের নতুন ভবন তৈরি করা হবে। সেই মতো কাজ শুরু হবে।



