নিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গা ভাঙনের কোপ এবারে স্কুলে। ভয়াবহ নদী ভাঙন থেকে ছোট ছোট শিশুদের বাঁচাতে সাময়িকভাবে পঠনপাঠন বন্ধ করল মালদহ জেলা শিক্ষাদপ্তর। জেলার রতুয়া ও মানিকচকের ন’টি স্কুলের পঠনপাঠন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আগামীতে ওই স্কুলগুলিতে পড়াশুনা ফের কবে শুরু হবে সেবিষয়ে নির্দিষ্ট করে এখনই কিছু বলতে পারছে না প্রশাসন।
এবিষয়ে মালদহের জেলা অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল বলেন, আমরা আপাতত ওই ন’টি স্কুলের পঠনপাঠন স্থগিত রেখেছি। ভাঙনের ফলে ওই স্কুলগুলিতে নদীর জল ঢুকে যাওয়ার পাশাপাশি একটি স্কুল তলিয়ে গিয়েছে। সেকারণে মৌখিকভাবে স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে।
জানা গিয়েছে, ফি বছর মালদহে গঙ্গা ভাঙনের ফলে একাধিক বাড়ি থেকে শুরু করে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
এবারেও নদী ভাঙনের ফলে রতুয়া ও মানিকচকের ন’টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। রতুয়ায় চারটি ও মানিকচকে পাঁচটি স্কুল ভাঙনের মুখে পড়েছে। রতুয়ার জিতুটোলা, পশ্চিম রতনপুর, মণিরাম টোলা ও জিয়ারুদ্দিন টোলা স্কুল এমন পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে, মানিকচকের ভট্টকার্তিকটোলা, ৩ নম্বর কলোনি প্রাইমারি, আমিনাটোলা, সুখদেবপুর, পিয়ারিটোলা ও নিউ লুটোহার প্রাইমারি স্কুল ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রেই এই সকল স্কুলে জল ঢুকে গিয়েছে। এই ন’টি স্কুলে অন্ততপক্ষে ৫৬০ জন পড়ুয়া রয়েছে। তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখতেই শিক্ষাদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কিছু কিছু স্কুলের ভবনের খুব কাছে নদী চলে এসেছে। সেকারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেলা শিক্ষাদপ্তর জানিয়েছে।