নিজস্ব প্রতিনিধি, বারাসত: নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। বারাসতে মৃত নবম শ্রেণির ছাত্রের নাম অলোক কুমার। পরিবারের দাবি, স্কুল থেকে অলোককে নিয়ে গিয়ে র্যাগিং করা হয়। এই ধরনের বিভিন্ন ভিডিয়োও তাঁদের হাতে রয়েছে বলে দাবি পরিবারের। মঙ্গলবার বারাসত থানায় এসে এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় পরিবার। জানা গিয়েছে, বারাসতের মধুমুরালি এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল অলোক। গত ১৪ আগস্ট দুপুরে স্কুলের ক্লাস শেষের পর পাশের পুকুরে তার দেহ ভেসে ওঠে। পরিবারের অভিযোগ, ঘটনার দিন দুপুরে অলোকের এক পরিচিত বন্ধু ফোন করে জানায়, অলোক জলে পড়ে গিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অলোকের দেহ উদ্ধার হতে দেখেন। অলোকের মা ববিতা দেবীর অভিযোগ, ছেলেকে স্কুল থেকে নিয়ে গিয়ে র্যাগিং করা হয়েছিল। ঘটনার সময় পুকুরের ধারে দু’জন ছাত্রী এবং তিনজন ছাত্র ছিল। তারপরেও আমার ছেলে কী ভাবে জলে পড়ল, কেনই বা তার মৃত্যু হল— তার উত্তর চাই। ঘটনায় বারাসত থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু এতদিন পরেও এর কোনো কিনারা হল না। এদিন থানায় গিয়ে তদন্তকারীদের কাছে মৃত্যুর আসল কারণ খুঁজে বার করার আর্জি করলাম। যাঁরা দোষী, তাদের যেন ছেড়ে দেওয়া না হয়। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি কয়েকজনকে জেরাও করা হয়েছে।



