সংবাদদাতা, কাকদ্বীপ: বান্ধবীর মৃত্যুর পর দীর্ঘদিন তাকে হোমে থাকতে হয়েছিল। সেই হোম থেকে বাড়ি ফিরেই আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির ভিতর ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার লক্ষ্মীনারায়ণপুর এলাকায়। মৃতের নাম শুভঙ্কর গিরি (১৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভঙ্করের সঙ্গে গোপালনগরের এক নাবালিকা ছাত্রীর যোগাযোগ ছিল। ২ সেপ্টেম্বর ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছিল। ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুভঙ্করকে পকসো আইনে গ্রেপ্তার করে। প্রায় একমাস ধরে শুভঙ্কর আদালতের নির্দেশে হোমে ছিল। গত ২৯ সেপ্টেম্বর সে হোম থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরে। গিরি পরিবারের দাবি, এরপর থেকেই শুভঙ্কর মনমরা অবস্থায় থাকত। বাড়ির লোকজনের সঙ্গে খুব কম কথা বলত। শুভঙ্করের বাবা সঞ্জয় গিরি বলেন, ‘হোম থেকে ফিরে এলে পরিবারের সবাই ওকে নানাভাবে বুঝিয়ে ছিলাম। কিন্তু মনমরা অবস্থায় থাকত। শুক্রবার সকালে বাড়ির ভিতরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।’ শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



