নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পার্টি অফিস তৈরি করাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল চ্যাটার্জিহাট গভর্নমেন্ট কোয়ার্টার সংলগ্ন এলাকা। দু’পক্ষের কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দু’জনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপির দাবি, সোমবার রাতে চ্যাটার্জিহাট থানা থেকে কিছুটা দূরে বিজেপির কয়েকজন কর্মী দলীয় কার্যালয় তৈরির বিষয়ে আলোচনা করছিলেন। সেই সময় জনা কুড়ি কংগ্রেস কর্মী সেখানে এসে অফিস তৈরি করা যাবে না বলে আপত্তি জানান। তা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি ক্রমে মারামারিতে গড়ায়। যদিও ঘটনার বিষয়ে দু’পক্ষের বক্তব্য আলাদা। বিজেপির অভিযোগ, মদ্যপ অবস্থায় এসে কংগ্রেস কর্মীরাই তাঁদের উপর হামলা চালান। অন্যদিকে কংগ্রেসের দাবি, চ্যাটার্জিহাট কোয়ার্টারের কাছে এক প্রবীণ কংগ্রেস সমর্থকের অফিসে পুজোর অনুষ্ঠানের আলোচনা চলছিল। সেখানে একদল বিজেপি কর্মী দলীয় পতাকা নিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন। খবর পেয়ে কংগ্রেস কর্মীরা গেলে তাঁদের চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই প্রবীণ সমর্থককে মারধর করা হয় বলে দাবি কংগ্রেসের। ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।