সংবাদদাতা, দিনহাটা: বাংলার বাড়ির তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে দিনহাটায়। মঙ্গলবার এই ইস্যুকে কেন্দ্র করে গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। আহত হন এক পঞ্চায়েত সদস্য। আহত আব্দুল অলিল বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার নতুন তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের মধ্যে। অভিযোগ, প্রকৃত দরিদ্রদের নাম বাদ দিয়ে পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন তৃণমূলের অঞ্চল সভাপতি আসাদুল হক। এরপর দু’পক্ষের মধ্যে তীব্র বচসা হয়। যা পরবর্তীতে হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সংঘর্ষের সময় অঞ্চল সভাপতি প্রহৃত হন, অন্যদিকে বিরোধী গোষ্ঠীর পঞ্চায়েত সদস্য আব্দুল অলিল গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে আসে। পরে দিনহাটা-১ ব্লকের জয়েন্ট বিডিও এসে তালা খুলে প্রধান সুনম কালোয়ারকে গ্রাম পঞ্চায়েত অফিসে প্রবেশ করান। আহত আব্দুল অলিল বলেন, প্রধান ও অঞ্চল সভাপতির ঘনিষ্ঠদের নাম তালিকায় রাখা হয়েছে। প্রকৃত গরিব মানুষের নাম বাদ পড়ায় তাঁরা বিক্ষোভ দেখাতে এসেছিলেন। সেই সময় অঞ্চল সভাপতির অনুগামীরা মহিলাদের ওপর হামলা চালায়। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করা হয়। অঞ্চল সভাপতি আসাদুল হকের দাবি, আমি পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলাম। কিন্তু অতর্কিত হামলা চালিয়ে আমাকে মারধর করা হয়। সাধারণ জনতা তার প্রতিবাদ করেছে। পঞ্চায়েত প্রধান সুনম কালোয়ার বলেন, যারা নিজেদের উপযুক্ত মনে করেন, তাঁরা নতুনভাবে আবেদন করতে পারেন। সেই আবেদন বিডিও অফিসে পাঠানো হবে। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।