ভাঙড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ভাঙড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হলেন বিজেপির এক নেতা সহ দু’জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পোলেরহাট থানার বেঁওতা-১ অঞ্চলে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডল ও তাঁর ছেলে তাপস মণ্ডলের বাড়িতে বিজেপি নেতা সুরজিৎ গায়েন সহ কয়েকজন বৈঠক করেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন যুব মোর্চার নেতা হারান মণ্ডল। অভিযোগ, এই নিয়ে বচসা থেকে সংঘর্ষ হয়। জখম হন হারান ও বিপ্লব মণ্ডল। হারানের বিরুদ্ধে জমি দুর্নীতির পালটা অভিযোগ করেছেন সুরজিৎ। তা অস্বীকার করে হারানের দাবি, তৃণমূলের লোকজনকে বিজেপিতে নেওয়ার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডল জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দল পদক্ষেপ করবে।
অন্যদিকে, ভাঙড়ের শাঁকশহরেও বিজেপি ও আইএসএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপি কর্মী রশিদ মোল্লা ওরফে জিরাফের বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁর মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, দু’টি ঘটনার তদন্ত চলছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।