আসানসোল: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘বন্দে মাতরম’ সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে রবিবার আসানসোলের গির্জা মোড় এলাকায় কংগ্রেস পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। বিক্ষোভ চলাকালীন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের অভিযোগ,বিজেপির যুব মোর্চার তরফে বিক্ষোভের সময় তাদের পার্টি অফিসে ক্ষয়ক্ষতি করা হয়েছে। পাশাপাশি পার্টি অফিসের বাইরে লাগানো রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী-সহ কংগ্রেস নেতাদের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে।
এর প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস নেতাকর্মীরা। প্রসানজিৎ পুইটুন্ডি, শাহ আলম-সহ কংগ্রেস নেতারা রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন। তাঁদের দাবি, কংগ্রেস পার্টি অফিসে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার ইনচার্জ বিশ্বজিৎ মুখার্জির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে পুলিশ আধিকারিকদের সঙ্গে কংগ্রেস নেতাদের তুমুল তর্কাতর্কি হয়।
কংগ্রেস নেতাদের অভিযোগ, রাজনৈতিক কর্মসূচির নামে পার্টি অফিসে হামলা ও নেতাদের ছবি ছেঁড়ার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে গির্জা মোড় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।