লখনউ: জ্ঞানবাপী মসজিদ, শাহী ইদগাহর পর এবার দেওবন্ধের দারুল উলুম। হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠনের দাবি, উত্তরপ্রদেশের এই ইসলামি ধর্মশিক্ষা কেন্দ্রের নীচে শিবলিঙ্গ রয়েছে! তাই আগামী কাল সেখানে গঙ্গাজল দিতে যাবেন সংগঠনের সদস্যরা। শনিবার এবিষয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন সংগঠনের উত্তরাখণ্ডের রাজ্য সভাপতি ললিত শর্মা। তিনি জানান, হরিদ্বার থেকে জল নিয়ে দেওবন্ধ যাওয়া হবে। নেতৃত্বে থাকবেন হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী। ললিতের দাবি, দারুল উলুম চত্বরে শিবমন্দির রয়েছে। অতীতে সাহারানপুর প্রশাসনকে এবিষয়ে তদন্তের আরজি জানানো হয়েছিল। তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। এর জেরেই সেখানে গঙ্গাজল দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। ইতিমধ্যে ওই হিন্দুত্ববাদী সংগঠনকে এবিষয়ে সতর্ক করে দিয়েছে পুলিশ। সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেন, ‘কাউকে আইন-শৃঙ্খলা লঙ্ঘন করতে দেওয়া হবে না। কেউ সেই চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ প্রসঙ্গত, ১৮৬৬ সালে দারুল উলুম প্রতিষ্ঠা করা হয়। দেখতে দেখতে দক্ষিণ এশিয়ার অন্যতম ধর্মীয় শিক্ষাকেন্দ্র হয়ে ওঠে এই প্রতিষ্ঠান।



