বিদেশি সাহায্য পাচ্ছে সিজেপি, চাঞ্চল্যকর দাবি মার্কিন গায়িকার, মোদির সামনে গান গেয়ে পরিচিতি
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির বিক্ষোভের নেপথ্যে মার্কিন অর্থসাহায্য রয়েছে। এমনই অভিযোগ আমেরিকান গায়িকা মেরি মিলবেনের। তাঁর দাবি, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-কে আমেরিকার কয়েক জন বাছাই করা ব্যক্তি অর্থ জোগাচ্ছেন। যদিও এই অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেখাননি তিনি। ২০২২ সালে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশনার মাধ্যমে পরিচিতি পান মিলবেন। পরের বছর আমেরিকা সফরে প্রধানমন্ত্রী মোদির সামনে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তিনি।

Advertisement

নিট-ইউজি দুর্নীতির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিযান শুরু। আন্দলনের চাপে ইস্তফা দিতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই থেকেই একের পর এক সমস্যা নিয়ে সরব হয়েছে ককরোচরা। স্বাস্থ্য-শিক্ষা যেখানে যা সমস্যা, তা ইস্যু করে সামনে এনেছে সিজেপি। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির সাম্প্রতিক অভিযান দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে। ককরোচদের থামাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। পাশাপাশি সিজেপি বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে বিজেপি। তাতে বিদেশি অর্থসাহায্যের দাবিও ছিল। এবার মার্কিন গায়িকা মিলবেন একই দাবি করলেন। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নাম সরাসরি উল্লেখ না করেই মিলবেন অভিযোগ করেন, বিদেশি অনুদানদাতাদের একটি নির্দিষ্ট কৌশল রয়েছে। তাঁর দাবি, প্রথমে বিভিন্ন দেশের রক্ষণশীল নেতাদের নিশানা করা হয়। তার পর সংশ্লিষ্ট দেশ থেকে আমেরিকায় শিক্ষিত কোনো ব্যক্তিকে বেছে নিয়ে তাঁকে উগ্রপন্থী করে তোলা হয়। এরপর সেই ব্যক্তিকে দেশে ফিরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অর্থসাহায্য করা হয়। এক্স হ্যান্ডলে মিলবেন লেখেন, এই ধরনের ষড়যন্ত্র অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হলেও সংশ্লিষ্ট দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের উপর তার প্রভাব পড়ে।
অভিজিৎ দিপকে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বিদেশে থাকাকালীন বিজেপিকে ব্যঙ্গ করে তাঁর বিভিন্ন মন্তব্য সমাজমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পায়। এদিকে ভারতে প্রধান বিচারপতির আরশোলা মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে শোরগোল বাঁধে। তৈরি হয় সিজেপি। কিছুদিনের মধ্যেই ভারতে ফিরে আসেন দিপকে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রতি সমর্থন জানিয়ে ভারতীয়দের বিদেশি শক্তির কথিত হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন মিলবেন। তাঁর কথায়, ‘এখন নীরব থাকার সময় নয়।’