Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১ আগস্ট থেকে সিভিকের সাম্মানিক বেড়ে ১২ হাজার

পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীনে নিয়মিত ভিত্তিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক ২,০০০ টাকা বাড়াল রাজ্য।

১ আগস্ট থেকে সিভিকের সাম্মানিক বেড়ে ১২ হাজার
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীনে নিয়মিত ভিত্তিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক ২,০০০ টাকা বাড়াল রাজ্য। সরকারে এসে তাদের প্রথম বাজেটেই এই ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। এবার বিজ্ঞপ্তি জারি করে আগামী ১ আগস্ট থেকে বর্ধিত হারে সাম্মানিক দেওয়ার কথা জানিয়ে দিল নবান্ন। রাজ্যের এই সিদ্ধান্তের জেরে ১ লক্ষ ২০ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার উপকৃত হবেন। 

Advertisement

স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, এতদিন সিভিক ভলান্টিয়াররা প্রতি মাসে ১০,০০০ টাকা সাম্মানিক পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে ১২,০০০ টাকা হয়েছে। প্রশাসনিক মহল জানাচ্ছে, ২০২৪ এবং ২০১৮ সালের পূর্ববর্তী সরকারি নির্দেশিকার ধারাবাহিকতায় বিষয়টি দীর্ঘদিন ধরে সরকারের সক্রিয় বিবেচনায় ছিল। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে রাজ্যপাল এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
নির্দেশিকায় এও স্পষ্ট করা হয়েছে যে, সাম্মানিক বৃদ্ধি ছাড়া সিভিক ভলান্টিয়ারদের অন্যান্য সমস্ত পরিষেবা শর্ত ও নিয়ম পূর্বের মতোই বহাল থাকবে। এই সিদ্ধান্তে অর্থদপ্তরেরও সম্মতি রয়েছে এবং প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট সরকারি হিসাব খাত থেকেই বহন করা হবে।
রাজ্যের সিভিক ভলান্টিয়ার দীর্ঘদিন ধরেই সাম্মানিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই ঘোষণার ফলে তাঁদের আর্থিক স্বস্তি কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত ২,০০০ টাকা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রশাসনিক মহলের ধারণা। তবে সিভিক ভলান্টিয়ারদের একাংশ সাম্মানিক বৃদ্ধির পাশাপাশি চাকরির স্থায়ীকরণেরও দাবি করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ