Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গয়নার দোকানে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! নিগৃহীত ব্যবসায়ী ও মহিলা কর্মী

গয়নার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী ও এক মহিলা কর্মচারীকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

গয়নার দোকানে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! নিগৃহীত ব্যবসায়ী ও মহিলা কর্মী
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গয়নার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী ও এক মহিলা কর্মচারীকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। পুলিশের পরিচয়কে সামনে রেখে দোকানে ঢুকে এমন দাদাগিরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাঁতরাগাছি মোড় এলাকায়। এই ঘটনার ভিডিয়োও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক।

Advertisement

অভিযোগ, শনিবার রাতে জগাছা থানার সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ আশ এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সাঁতরাগাছি মোড়ের একটি গয়নার দোকানে ঢোকেন। জানা গিয়েছে, দোকানটি ওই ব্যক্তিকে একটি সোনার গয়না তৈরি করে দিয়েছিল। কিন্তু গয়নাটি ক্রেতার পছন্দ হয়নি। এনিয়ে ওই ক্রেতার সঙ্গে ব্যবসায়ী বুবুন রায়ের বচসা হয়। তারই জেরে পরে সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তি দোকানে আসেন বলে অভিযোগ। দোকান মালিকের অভিযোগ, প্রথমে প্রসেনজিৎ তাঁকে হুমকি দেন। এরপর আচমকাই তাঁর উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। বাধা দিতে গেলে দোকানে কর্মরত এক মহিলা কর্মচারীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পুরো দৃশ্য দোকানের ক্যামেরায় ধরা পড়ে। পরে আহত ওই মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্যবসায়ীর দাবি, সোনার গয়না নিয়ে এক ক্রেতার সঙ্গে ফোনে খানিক কথা কাটাকাটি হয়। এরপর ওই ক্রেতাকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি দোকানে ঢুকে আচমকা মারধর শুরু করেন। এদিকে, স্থানীয় কিছু লোকের দাবি, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এলাকায় আগে থেকেই হুমকি ও তোলাবাজির অভিযোগ রয়েছে। তাঁদের প্রশ্ন, পুলিশ বিভাগের নাম ভাঁড়িয়ে দাদাগিরির অভিযোগ উঠলেও এতদিন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? শনিবার রাতের ঘটনার পর হাওড়া সিটি পুলিশের এক অফিসার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ