Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি পরিষেবা পেতে চূড়ান্ত হয়রানি, বারাসতে চরম ক্ষুব্ধ নাগরিক মহল

হাতে কাগজপত্রের ফাইল নিয়ে সকাল থেকে সরকারি দপ্তরের দরজায় বসে অপেক্ষা। তারপর একবার এই কাউন্টারে তো পরে আবার অন্য ঘরে।

সরকারি পরিষেবা পেতে চূড়ান্ত হয়রানি, বারাসতে চরম ক্ষুব্ধ নাগরিক মহল
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাতে কাগজপত্রের ফাইল নিয়ে সকাল থেকে সরকারি দপ্তরের দরজায় বসে অপেক্ষা। তারপর একবার এই কাউন্টারে তো পরে আবার অন্য ঘরে। তারপরও শেষপর্যন্ত কাজ না হওয়ায় ধরতে হচ্ছে বাড়ির পথ। বারাসতে সরকারি পরিষেবার হাল এমনই বেহাল বলে অভিযোগ বহু মানুষের। 

Advertisement

পুরসভা, বিডিও বা এসডিও অফিস কিংবা জেলা প্রশাসনের দপ্তর, পরিষেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ উঠছে সর্বত্র। মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমেও। তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বারাসত পুরসভার সামনে শিবাশিস বসু নামে স্থানীয় এক বাসিন্দা হাতে কিছু নথি নিয়ে দাঁড়িয়ে। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার সময় এসেছি বাড়ির নথি সংক্রান্ত কিছু কাজ নিয়ে। একসপ্তাহ ধরে ঘুরছি। বলেছিল আজই কাজ হয়ে যাবে। দুপুর দু’টো পর্যন্ত বসে থাকার পরে বলল অন্য জায়গা থেকে আবার একটা কাগজ আনতে হবে। আজও কাজ হল না। বাড়ি ফিরে যেতে হচ্ছে।’ একই ছবি মহকুমা শাসকের দপ্তরের সামনে। দেবশ্রী দে নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অন্নপূর্ণা যোজনার জন্য একাধিকবার আসছি। প্রতিবার এক একটা করে নতুন কথা শুনছি। এই কাগজ নেই। ওই আধিকারিক নেই। এসব বলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংসার, কাজকর্ম সব ফেলে একই কাজের জন্য বারবার কি করে আসব?’ 
অন্যান্য বাসিন্দাদের অভিযোগ, ব্লক বা মহকুমা অফিসে গিয়ে সময়মতো সমস্যার সমাধান হচ্ছে না। বারাসতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হয়েও অনেকে তা পাচ্ছেন না। সমাজমাধ্যমের পোস্টে পুরসভা, বিডিও, এসডিও এবং ডিএম অফিসের কর্মী-আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সরকারি কর্মীদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রসঙ্গ টেনে প্রশাসনের কাজের গতির সঙ্গে তুলনা করে কটাক্ষও ছুড়ে দেওয়া হয়েছে। মানুষের বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর সবাই উন্নত পরিষেবা পাওয়ার আশায় বুক বেধেছিলেন। কিন্তু বারাসতে কোনো বদল এল না। এখনও পরিষেবা পেতে নাস্তানাবুদ হতে হয় সকলকে। জেলা প্রশাসনের বক্তব্য, এ সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ