


হায়দরাবাদ, ২০ এপ্রিল: অল্পের জন্য রক্ষা। হায়দরাবাদ থেকে উড়ানের পর একটি বড় ধরনের বিমান দুর্ঘটনা থেকে বাঁচল ফ্লাই৯১ এয়ারলাইন্সের একটি বিমান। মাঝ আকাশে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। এতটাই সমস্যা যে নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতির মুখে পড়তে হয়। প্রায় চার ঘণ্টা ধরে যাত্রীদের আতঙ্কে কাটাতে হয় মাঝ আকাশেই।
ফ্লাই৯১ এয়ারলাইন্সের ফ্লাইট আইসি৩৪০১ বিমানটি গতকাল বিকেল প্রায় ৩ টের সময় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সেটির নির্ধারিত গন্তব্য ছিল হুব্বাল্লি। বিকাল ৪টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু হুব্বাল্লির কাছে পৌঁছানোর পরই বিমানে হঠাৎ প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, ফলে পাইলটদের অবতরণ বাতিল করতে বাধ্য হতে হয়। এরপর প্রায় চার ঘণ্টা ধরে বিমানটি আকাশেই উড়তে থাকে। মুণ্ডগোড, দাভানাগেরে এবং শিবমোগ্গা অঞ্চলের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। এই সময়ের মধ্যে পাইলটরা বিমানটিকে কোনো রকম ভাবে অবতরণের চেষ্টা চালাতে থাকে। এই দীর্ঘ সময় ধরে বিমানের ভেতরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রার্থনা করতে শুরু করেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। যাত্রীদের পরিবার ফ্লাই৯১ এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বিমান সংস্থার তরফে যথাযথ তথ্য বা আপডেট দেওয়া হয়নি, যা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অবশেষে বহু চেষ্টার পর বিমানটি নিরাপদে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে অবতরণ করে। এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই।