Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সিনেমা দেখানো বন্ধ, সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে উৎপল দত্ত মঞ্চে

নাট্যকর্মী ও শিল্পীদের দাবি মেনে মহেশতলা উৎপল দত্ত মঞ্চে সিনেমা প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিল পুর প্রশাসন।

সিনেমা দেখানো বন্ধ, সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে উৎপল দত্ত মঞ্চে
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: নাট্যকর্মী ও শিল্পীদের দাবি মেনে মহেশতলা উৎপল দত্ত মঞ্চে সিনেমা প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিল পুর প্রশাসন। বুধবার এই দাবিতে শতাধিক নাট্যকর্মী ও শিল্পী মহেশতলা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেছিলেন। পরে পুর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপিও দেন তাঁরা। তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মহেশতলা পুরসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, উৎপল দত্ত মঞ্চে আর সিনেমা দেখানো হবে না। এখন থেকে নাটক, গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই মঞ্চ ব্যবহার করতে দেওয়া হবে। পাশাপাশি হল ভাড়া যাতে সাধ্যের মধ্যে রাখা হয়, সেই দাবি করেছিল মহেশতলা শিল্পী সমন্বয় কমিটি। হল ভাড়া পাঁচ হাজার টাকা বা তার নীচে রাখার আবেদন করা হয়েছিল। যদিও সে ব্যাপারে পুর প্রশাসন কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। কারণ, হলটি সংস্কার করতে অনেক টাকা খরচ হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রত এই হলের বসার চেয়ার থেকে ভিতরটা অনেক সাজানো। ফলে এক সময়ে যেভাবে স্বল্প মূল্যে হল ভাড়া দেওয়া যেত, এখন তা সম্ভব নয়। তাই পুর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে চায়। যদিও মহেশতলা শিল্পী সমন্বয় কমিটির সঙ্গে আলোচনার সময় পুর কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছিল, হলের পরিচালনার দায়িত্ব শিল্পী সমন্বয় কমিটিই নিক। কিন্তু সম্মত হননি শিল্পীরা। স্বাভাবিকভাবে উৎপল দত্ত মঞ্চ পুরসভাকেই পরিচালনা করতে হবে। আগামী দিনে চেয়ারম্যান ইন কাউন্সিল বৈঠকে ভাড়া নিয়ে সিদ্ধান্ত হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ