নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ডেবরা ও শালবনী থানায় দায়ের হওয়া দুটি মামলার তদন্তভার নিল সিআইডি। মঙ্গলভার তদন্তভার হাতে নিয়েই সিআইডি টিম সুমিতবাবুর নিউ আলিপুর এলাকায় মহাবীরতলার বাড়িতে তল্লাশিতে পৌঁছে যায়। শালবনীর থানার মামলাতেই তাঁর বাড়িতে হানা বলে জানা গিয়েছে। সেখানে বেশকিছু তল্লাশির পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে যায় সিআইডি টিম। উদ্ধার হয়েছে বেশকিছু নথি।
বিঘার পর বিঘা সরকারি জমি দখলের পর জাল নথি তৈরি করে বিক্রির অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুরে। ওই জেলার এক ব্যবসায়ী জমি কেনার জন্য উদ্যোগী হন। সার্চিং করাতে গিয়ে দেখেন, সেগুলি সবই সরকারি জমি। জাল নথি তৈরি করা হয়েছে। তার ভিত্তিতে শালবনি থানায় কেস রুজু হয়। যাতে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর নাম ছিল। এই মামলার তদন্তে তৃণমূলের সেনাপতির বাড়িতেও আসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তাঁর বাড়িতে সুমিতে টাওয়ার লোকেশন মিলেছে, এই যুক্তিতে তল্লাশি চালানো হয়। এরপর ডেবরা থানায় একই অভিযোগ জমা পড়ে। এতদিন জেলা পুলিশই এই মামলাগুলির তদন্ত করছিল। কিন্তু সুমিত কোথায়, তা জানতে কালঘাম ছোটে জেলা পুলিশের। একদিকে তৃণমূল জমানায় পুলিশ পোস্টিংয়ের ক্ষেত্রে শেষ কথা এই সুমিতকে গ্রেপ্তার, অন্যদিকে মামলার তথ্যপ্রমাণ সংগ্রহ করতেই সিআইডি তদন্তভার নিয়েছে মঙ্গলবার।