দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। পরের দিন বাংলাদেশের বিরুদ্ধেঅভিযান শুরু করবে ভারত। তবে তার আগে মরুদেশের বাইশ গজ পরখ করে নেওয়ার সুযোগ পাবেন রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার জন্য প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করছে আইসিসি। প্রতিপক্ষ কারা, তা এখনও ঠিক হয়নি। আসলে, এবারের মিনি বিশ্বকাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত খেলবে দুবাইয়ে। আর বাকি ম্যাচগুলি হবে পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। তবে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ হবে দুবাইয়ে। এক্ষেত্রে টিম ইন্ডিয়া বাড়তি সুবিধা পাবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। আসলে রোহিত শর্মারা অনেক আগেই দুবাইয়ে পৌঁছে যাবেন। পিচ ও পরিবেশের সঙ্গে দ্রুত সড়গড় হওয়াই লক্ষ্য। দুবাই কার্যত ভারতের হোমগ্রাউন্ড। বাবরদের খেলতে আসতে হবে সেখানে। তাই আয়োজক হয়েও পাকিস্তান চাপে থাকবে।



