Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগ: জার্মানিতে আটক ৫৯ পিএসজি সমর্থক

চ্যাম্পিয়ন্স লিগ: জার্মানিতে আটক ৫৯ পিএসজি সমর্থক
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্টুটগার্ট: চ্যাম্পিয়ন্স লিগে নক-আউটের আশা জিইয়ে রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই পিএসজি’র। এমন পরিস্থিতিতে জার্মান প্রতিপক্ষ স্টুটগার্টের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বিতর্কে জড়াল ফরাসি ক্লাবটি। অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবারই জার্মানিতে পা রাখে লুই এনরিকে ব্রিগেড। দলের সঙ্গে স্টুটগার্টে হাজির হন অসংখ্য পিএসজি সমর্থক। তাদের মধ্যে ৫৯ জনকে হুলিগান সন্দেহে আগাম আটক করল জার্মান পুলিস। প্রশাসনের দাবি, স্টেডিয়ামে বাইরে গণ্ডগোল পাকানোর উদ্দেশ্য নিয়েই জার্মানিতে পৌঁছেছে পিএসজি’র এই উগ্র সমর্থকরা। তাই ঝুঁকি না নিয়ে হোটেল ও রেল স্টেশন থেকে তাদের আটক করে পুলিস। এই ভক্তদের বৃহস্পতিবার পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রসাশন। পাশাপাশি হোমটিম স্টুটগার্টেরও ৪৭ জন অনুরাগীর বিরুদ্ধেও ফতেয়া জারি করা হয়। ম্যাচ চলাকালীন স্টেডিয়াম চত্ত্বরে যেতে পারবেন না তাঁরা।
Advertisement
স্টুটগার্ট পুলিসের উচ্চপদস্থ কর্তা ক্রাস্টেন হোয়েফলের বলেন, ‘কোনও ব্যক্তি যদি ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন ঝামেলা সৃষ্টির চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হবে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজনকে আটক করেছি।’ উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সাত ম্যাচে দু’দলের সংগ্রহ ১০ পয়েন্ট। তাই পরের রাউন্ডে পৌঁছতে হলে জেতা ছাড়া কোনও বিকল্প নেই পিএসজি ও স্টুটগার্টের সামনে। এমন পরিস্থিতিতে মাঠের উত্তাপ যাতে কোনওভাবে গ্যালারিতে না ছড়িয়ে পড়ে, সেদিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।
Advertisement
সম্পর্কিত সংবাদ