জয় দিয়ে আইএসএলে যাত্রা শুরু করল চার্চিল
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেকেই বাজিমাত চার্চিল ব্রাদার্সের। ঘরের মাঠ ফতোরদার নেহেরু স্টেডিয়মে রবিবার উৎসবের মেজাজ। আইএসএলে চার্চিলের প্রথম ম্যাচ দেখতে গ্যালারিতে উপচে পড়েছিল ভিড়। হতাশ করেননি গৌরব বোরা, সেবাস্তিয়ান গুটিয়ারেজরা। এই দু’জনের লক্ষ্যভেদেই প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে হারিয়ে নতুন যাত্রা শুরু চার্চিলের। ম্যাচের ফল ২-১। মুম্বইয়ের হয়ে পেনাল্টি থেকে সের্জিও লামাস ব্যবধান কমান। শেষদিকে মরিয়া চেষ্টা চালিয়েও হার এড়াতে পারেনি মুম্বইয়ের দলটি। চার্চিলের পাওয়ার ফুটবলের সামনে কার্যত গুটিয়ে গেল তারা। উল্লেখ্য, চার্চিল কর্ণধার আলেমাও কম লড়াই করেননি আইএসএলে খেলার জন্য। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেও বিতর্ক দানা বাঁধে। ক্যাসের রায়ে আইএসএলে খেলার সুযোগ পায় ইন্টার কাশী। এবার সুযোগ পেতেই জামশেদপুর এফসির মালিকানা নেয় চার্চিল ব্রাদার্স। এরপর দ্রুত দল গুছিয়ে নেয় তারা। প্রথম ম্যাচে তারই সুফল স্পষ্ট।

Advertisement

অন্যদিকে, ঘরের মাঠ উত্তর প্রদেশের একানা স্টেডিয়ামে আইএসএলের প্রথম ম্যাচ খেলল ইন্টার কাশী। তবে দিনটা সুখের হল না তাদের। কেরল ব্লাস্টার্সের কাছে ০-২ ব্যবধানে হারাল তারা। কেরলের হয়ে লক্ষ্যভেদ ভিবিন মোহানন ও আন্দ্রে গ্রিনের। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে খালি হাতে ফিরতে হত না কাশীকে। উল্লেখ্য, নিজেদের মাঠ প্রস্তুত না হওয়ায় গত মরশুমে কলকাতায় হোম ম্যাচ খেলেছে তারা।