নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডানপায়ের হাঁটু পর্যন্ত জড়ানো পুরু ব্যান্ডেজ। হাঁটতে গেলেও অসুবিধা হচ্ছে। মাঠ ছাড়ার মুহূর্তে মনবীর সিংয়ের চোখেমুখে একরাশ অস্বস্তি। বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে মোহন বাগানের অনুশীলন শেষের এই চিত্র টিম ম্যানেজমেন্টের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। একে চোটের কারণে পাঞ্জাব এফসি ম্যাচে নেই গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস ও আশিক কুরুনিয়ান। এবার চিন্তা বাড়ালেন মনবীরও। বুধবার পাঞ্জাব ম্যাচের শেষ মহড়ায় ডানপায়ের গোড়ালিতে চোট পান তারকা উইঙ্গার। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। অস্বস্তিতে দেখা যায় অনিরুদ্ধ থাপাকেও। স্বাভাবিকভাবে তাঁদের ঘিরে উদ্বেগ বাড়ছে সবুজ-মেরুন শিবিরে। জল্পনার মধ্যে অবশ্য এই দুই ফুটবলারকে সঙ্গে নিয়েই দিল্লিতে পৌঁছায় মোহন বাগান। তবে কোচ মোলিনা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। ডাক্তারের পরামর্শ মেনেই পাঞ্জাব ম্যাচের চূড়ান্ত দল সাজাবেন তিনি।
Advertisement
আইএসএলে টানা আট ম্যাচে অপরাজিত ছিল মোহন বাগান। গোয়ার বিরুদ্ধে থামে সেই দৌড়। তার উপর মোলিনার সাজানো বাগানে হঠাৎ কাঁটা হয়ে দাঁড়িয়েছে একের পর এক চোট আঘাত। এমন পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা সহজ হবে না। প্রতিকূলতার মধ্যেও বৃহস্পতিবার জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোলিনা ব্রিগেড। এই প্রসঙ্গে বাগান কোচের মন্তব্য, ‘আমার হাতে একাধিক বিকল্প রয়েছে। তাই কোনও নির্দিষ্ট ফর্মেশনে সীমাবদ্ধ থাকতে চাই না। পরিস্থিতি বুঝে চূড়ান্ত দল নির্বাচন করব।’ দিমিত্রি-স্টুয়ার্টদের অনুপস্থিতিতে মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে সাহাল আব্দুল সামাদকে। উইং থেকে কাট করে দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে তৈরি লিস্টন। তবে মনবীর যদি একান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে ম্যাকলারেনের সঙ্গে কামিংসকে শুরু থেকে রেখে জোড়া স্ট্রাইকারের পথে হাঁটতে পারেন মোলিনা।
ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন পাঞ্জাবের নির্ভরযোগ্য ডিফেন্ডার ইভান নোভোসেলেস। এছাড়া গত ম্যাচে লাল কার্ড দেখায় বৃহস্পতিবার নেই খাইমিনথাং লুঙ্গডিম। প্রতিপক্ষ রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে শুরুতে গোল তুলে নিতে চাইবেন ম্যাকলারেনরা। কোচ মোলিনা অবশ্য পাঞ্জাবকে হাল্কাভাবে নিতে নারাজ। তাঁর কথায়, ‘প্রতিটি বিভাগেই ওদের একাধিক ভালোমানের ফুটবলার রয়েছে। উইং থেকে দ্রুত আক্রমণ তুলে আনতে দক্ষ। তাই সতর্ক থাকতে হবে।’
চলতি মরশুমে ডুরান্ড কাপে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ। তবে পেনাল্টি শুট-আউটে শেষ হাসি হাসে মোলিনা ব্রিগেড। আইএসএলের লড়াইকে অবশ্য পুরোপুরি ভিন্ন হিসেবেই দেখছেন বাগান কোচ। ঘরের মাঠে মোহন বাগানকে চ্যালেঞ্জ জানাতে তৈরি পাঞ্জাব। কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিসের কথায়, ‘শুরুটা দারুণ করেও গত দু’টি ম্যাচে হেরে প্রথম ছয়ে জায়গা হারিয়েছি আমরা। তাই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে।’
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)