Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চোটের কাছে হার জোকারের

চোটের কাছে হার জোকারের
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মেলবোর্ন: অসুস্থ অবস্থাতেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে অস্ট্রেলিয়া এসেছিলেন নোভাক জকোভিচ। প্রায় প্রতি ম্যাচেই বিদ্রোহ করেছে শরীর। কখনও শ্বাসকষ্টের জেরে নিতে হয়েছে ইনহেলার। কখনও ভুগিয়েছে কুঁচকির চোট। তবু অভিজ্ঞতার জোরে একের পর এক হার্ডল পেরিয়ে যাচ্ছিলেন সার্বিয়ান মহাতারকা। কিন্তু সেমি-ফাইনালে আর শেষরক্ষা হল না। আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে প্রথম সেটের পরেই ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন জোকার। টাই-ব্রেকারে সেই সেট ৬-৭ (৫-৭) ব্যবধানে খোয়ালেও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন তিনি। এরপর পেশিতে টান লাগায় আর খেলা চালিয়ে যেতে পারেননি জকোভিচ। ওয়াক ওভার দিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তবুও নিষ্ঠুর গ্যালারি তাঁকে লক্ষ্য করে ছুড়ে দিল বিদ্রুপ। দর্শকদের এমন আচরণের নিন্দা করেছেন প্রতিদ্বন্দ্বী জেরেভও।
Advertisement
ট্রফির খরায় কেটেছে গত মরশুম। এবারও বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খালি হাতেই ফিরতে হল জকোভিচকে। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্য থেকে দু’কদম দূরে থামতে হল তাঁকে। আসলে টুর্নামেন্ট এগনোর সঙ্গে সঙ্গে বেঁকে বসেছে শরীর। এদিন প্রথম সেটে জেরেভের কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে আরও প্রকট হয় ফিটনেস সমস্যা। তবুও সহজে হাল ছাড়েননি ৩৭ বছর বয়সি জোকার। এক ঘণ্টা ২১ মিনিট লড়াইয়ের পর থামেন সপ্তম বাছাই সার্বিয়ান তারকা। পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক ম্যাচ শেষে বলেন, ‘বুঝতেই পারছিলাম ফিট নই। মনে হচ্ছিল, পেশি ছিঁড়েছে। তাই সেমি-ফাইনালের আগে প্রস্তুতিও নিতে পারিনি। জেরেভের বিরুদ্ধে মরিয়া চেষ্টা করেও ম্যাচ শেষ করতে পারলাম না। এটা খুবই হতাশার। জানি না, ফিট হতে কতদিন লাগবে!’
গত বছর ফরাসি ওপেনেও চোট পেয়ে ম্যাচ ছেড়েছিলেন জকোভিচ। রিহ্যাবের পর কোর্টে ফিরলেও উইম্বলডন এবং ইউএস ওপেনে চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। ফুটে উঠছিল ফিটনেসের ঘাটতি। এবার চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায়ের পর আশঙ্কায় অনুরাগীরা। সকলের একটাই প্রশ্ন, তাহলে কি রাফায়েল নাদালের মতো অবস্থা হবে জোকারের!
Advertisement
সম্পর্কিত সংবাদ