Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

চোটে সিরিজ শেষ, হতাশ হ্যাজলউড

চোটে সিরিজ শেষ, হতাশ হ্যাজলউড
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন: বক্সিং ডে টেস্টের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। পেশিতে চোট পেয়ে ভারতের বিরুদ্ধে বাকি সিরিজ থেকে ছিটকে গেলেন জস হ্যাজলউড। উল্লেখ্য, চোটের কারণে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও ছিলেন না তিনি। তবে সুস্থ হয়ে গাব্বায় ফিরেছিলেন। ম্যাচের চতুর্থ দিন পেশিতে ফের টান লাগায় আর বল করতে পারেননি। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তাঁর চোট গুরুতর। সিরিজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না তারকা অজি পেসার। এই প্রসঙ্গে হ্যাজলউড এক সাক্ষাত্কারে বলেন, ‘চোট সমস্যায় গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করাটা সত্যিই বিরক্তিকর। পুরোপুরি সুস্থ হয়েই গাব্বাতে ফিরেছিলাম। কিন্তু আবারও চোট পেলাম।’ তারকা পেসারের সংযোজন, ‘তাড়াহুড়ো করব না। পুরোপুরি সুস্থ হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ফিরতে চাই।’
Advertisement
এদিকে, হ্যাজলউডের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে তৈরি ক্যাপ্টেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘হ্যাজলউডের না থাকাটা অবশ্যই বড় ধাক্কা। চোট-আঘাত খেলারই অঙ্গ। আশা করব, পরের দুই টেস্টে আমি ও স্টার্ক সুস্থ থাকব। অ্যাডিলেডের পর রিকভারির যথেষ্ট সময় পেয়েছি। গাব্বাতেও বৃষ্টির কারণে বেশি ওভার বল করতে হয়নি। বক্সিং ডে টেস্টে সেরাটা মেলে ধরাই লক্ষ্য থাকবে।’ চলতি সিরিজে দারুণ ফর্মে রয়েছেন স্টার্ক ও কামিন্স। তিন ম্যাচে দু’জনেরই ঝুলিতে ১৪টি করে উইকেট। তালিকায় ২১টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন যশপ্রীত বুমরাহ। উল্লেখ্য, মেলবোর্নে হ্যাজলউডের পরিবর্তে সম্ভবত স্কট বোল্যান্ড সুযোগ পাবেন। গোলাপি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। তাই তাঁকে নিয়ে আশাবাদী অজি শিবির।
সম্পর্কিত সংবাদ