Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

চেরনিশভের সহকারী মেহরাজ

চেরনিশভের সহকারী মেহরাজ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারফরম্যান্সের গ্রাফ ক্রমশই নামছে। স্বাভাবিকভাবেই কোণঠাসা হচ্ছেন মহমেডান স্পোর্টিংয়ের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। কর্তারা আশা করেছিলেন, দলের হারের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজেই সরে দাঁড়াবেন। তবে তেমনটা না হওয়ায় এবার তাঁকে চাপে রাখতেই দলের সহকারী কোচের দায়িত্বে আনা হল মেহরাজউদ্দিন ওয়াডুকে। উল্লেখ্য, গত বছর তাঁকে সরিয়েই দ্বিতীয়বারের জন্য চেরনিশভকে দলের দায়িত্বে নিয়োগ করেছিলেন সাদা-কালো কর্তারা। এবার খারাপ সময় সেই মেহরাজের দ্বারস্থ হলেন তাঁরা। বর্তমানে সন্তোষ ট্রফিতে জম্মু-কাশ্মীরের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ডিফেন্ডারটি। টুর্নামেন্টের শেষেই মহমেডানে যোগ দেবেন তিনি।
Advertisement
এদিকে, আইএসএলের মাঝপথেই কোচ ছাঁটাই করল কেরল ব্লাস্টার্স। দলের একের পর এক খারাপ পারফরম্যান্সের জন্য হেড কোচের পদ থেকে বরখাস্ত হলেন মিকেল স্টাহরে। তাঁর কোচিং স্টাফদেরও ছাঁটাই করা হয়েছে। ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে রয়েছে কেরল। সূত্রের খবর, সের্গিও লোবেরা এবং ডেস বাকিংহ্যামকে কোচ হিসেবে চাইছে কেরলের ফ্র্যাঞ্চাইজিটি। 
সম্পর্কিত সংবাদ