


নয়াদিল্লি: ঘোষণা হয়েছে যুদ্ধবিরতির। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এই আবহে মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানকে গোপনে অস্ত্র পাঠানোর ফন্দি আঁটছে চীন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বেজিং থেকে তেহরানে পৌঁছাতে পারে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। যার মধ্যে ‘মানপ্যাড’ নামে বিশেষ এক বিমান প্রতিরক্ষা মিসাইল সিস্টেম থাকতে পারে। কম উচ্চতায় থাকা হেলিকপ্টার বা যুদ্ধবিমানকে নিশানা করা য়ায় এই অস্ত্র দিয়ে। সহজে বহনযোগ্য। কাঁধে ঝুলিয়েই মিসাইল দেগে দেওয়া যায়। তাই যুদ্ধক্ষেত্রে এটি বেশ উপযোগী। মার্কিন গোয়েন্দাদের অনুমান, অস্ত্রগুলি সরাসরি না পাঠিয়ে, কোনো তৃতীয় দেশের মাধ্যমে ইরানে পাঠানো হতে পারে। অর্থাৎ নিজেকে আড়ালে রেখেই অস্ত্র সরবরাহের কাজ সারতে চাইছে চীন। সেনা ও কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি অস্ত্রগুলি সত্যিই পাঠানো হয় তাহলে নতুন করে অশান্ত হতে পারে পশ্চিম এশিয়া। নতুন করে অশান্তির আশঙ্কায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। তবে বিষয়টা নিয়ে চীন, মার্কিন প্রশাসন বা ইরানের তরফে কোনো মন্তব্য করা হয়নি।