Bartaman Logo
৩০ জুন, ২০২৬

চাষের জমি দখল নিচ্ছে চীন, দাবি অরুণাচলের নাহ জনজাতির

অরুণাচলের নাহ জনজাতি অভিযোগ করছে, চীনের সেনা তাদের চাষের জমি দখল করছে। দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন।

চাষের জমি দখল নিচ্ছে চীন, দাবি অরুণাচলের নাহ জনজাতির
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইটানগর: ভারতের অরুণাচল প্রদেশকে বারবারই নিজেদের অংশ বলে দাবি করে চীন। এবার চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র বিরুদ্ধে অরুণাচল সীমান্তে ভারতের ভূখণ্ড দখল করে নেওয়ার অভিযোগ উঠল। অরুণাচলের আপার সুবনসিড়ি জেলার নাহ জনজাতির তরফে অভিযোগ করা হয়েছে, বংশপরম্পরায় তারা পশুচারণ, শিকার ও চাষবাসের জন্য যে সব জমি ব্যবহার করত, তা দখল করে নিচ্ছে পিএলএ। ৬ বছরের বেশি সময় ধরে এই কাজ চালাচ্ছে তারা। সেখানে রাস্তা, সেনা ছাউনি ও অন্যান্য পরিকাঠামো গড়ে তুলেছে চীনের সেনা। বিষয়টি নিয়ে নাহ ওয়েলফেয়ার সোসাইটির তরফে অরুণাচল সরকারকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তাতে ওই জনজাতির তরফে বলা হয়েছে, সীমান্তের যে জমি চীন দখল করেছে, তা ভারতের ভূখণ্ড বলেই তাদের কাছে পরিচিত। এর পুরোটাই পাহাড়ের উঁচু এলাকায় অবস্থিত। জমি দখলের ফলে পশুচারণ ক্ষেত্র, চাষ ও শিকারের এলাকা ক্রমশ কমছে। তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার দ্রুত বিষয়টি নিয়ে তদন্ত চালাক। ভারতের সার্বভৌমত্বের পাশাপাশি নাহ জনজাতির জমির অধিকারের বিষয়টিও এর সঙ্গে জড়িত বলে ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।  যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় সেনার তরফে কোনো মন্তব্য করা হয়নি। চীনও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। সাম্প্রতিক সময়ে ভারত ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে নজর দিয়েছে। দুই দেশের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাত কমানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নাহ জনজাতির অভিযোগ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ