বেজিং: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টায় চীন। পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল বেজিং। সোমবারের এই পরীক্ষা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। চীনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। বেজিংয়ের এই কার্যকলাপের সমালোচনায় মুখর হন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং। তিনি বলেন, ‘চীনের এই সামরিক আস্ফালন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের এই পদক্ষেপে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। আমরা এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে চাই। কিন্তু বেজিংয়ের পদক্ষেপ তার পরিপন্থী।’ জাপানও এধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। যদিও বিষয়টিকে রুটিন পরীক্ষা বলে দাবি করেছে বেজিং। চীনের নৌসেনা জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ ও পেশাদার উপায়ে সম্পন্ন হয়েছে। অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই।



