Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঘমুণ্ডিতে নির্মীয়মাণ সেফটিক ট্যাংক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, শোরগোল

নির্মীয়মাণ সেফটিক ট্যাঙ্ক থেকে ছ’বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাঘমুণ্ডিতে চাঞ্চল্য ছড়াল

বাঘমুণ্ডিতে নির্মীয়মাণ সেফটিক ট্যাংক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার, শোরগোল
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: নির্মীয়মাণ সেফটিক ট্যাঙ্ক থেকে ছ’বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাঘমুণ্ডিতে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর সোমবার সকালে পাশের বাড়ির নির্মীয়মাণ সেফটিক ট্যাঙ্কের ভিতর থেকে সোমনাথ কুমারের দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে হুড়ুমদা গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল সোমনাথ। পাশের বাড়ির একটি শিশুর সঙ্গে তার খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু, দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় রবিবারই বাঘমুণ্ডি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার সকালে পাশের বাড়ির নির্মীয়মাণ সেফটিক ট্যাঙ্কের ভিতরে সোমনাথকে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি তার পরিবারকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুণ্ডি থানার পুলিশ। ট্যাঙ্ক থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের কাকা অরূপ কুমার বলেন, সোমনাথ প্রায়ই পাশের বাড়িতে খেলতে যেত। কিন্তু, ঘটনার দিন ওদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হলেও শিশুটি খেলতে আসেনি বলে জানানো হয়। তাঁর অভিযোগ, যেভাবে দেহটি পাওয়া গিয়েছে, তাতে আমাদের সন্দেহ হচ্ছে এটি দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে কেউ সোমনাথকে খুন করে থাকতে পারে।’ মৃতের পরিবারের দাবি, শিশুটির মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বাঘমুণ্ডি থানায় যান সোমনাথের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ