


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল দশটার পর রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আইসিডিএসে কচিকাঁচারা গরমে কাহিল পড়ছে। ক্ষুদে পড়ুয়াদের জন্য এবার জেলার ১ হাজার ৪৫৮টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। প্রতিটি কেন্দ্রেই একটি করে ফ্যান ও টিউবলাইট লাগানো হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে ১ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
জেলা প্রকল্প আধিকারিক ( আইসিডিএস )তাপস মন্ডল বলেন, আইসিডিএস কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশু ও সহায়িকাদের সমস্যায় পড়তে হয়। সমস্যা দূর করতে জেলার ১ হাজার ৪৫৮ টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনে বাকি আইসিডিএসে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ভোট পর্ব মিটলেই কাজের গতি বাড়ানো হবে।
ঝাড়গ্রাম জেলায় ২ হাজার ৪৭৭ টি আইসিডিএস রয়েছে। যারমধ্যে মাত্র ১৭টিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। কেন্দ্রগুলোর শ্রেণিকক্ষে পাখা না থাকায় পড়ুয়ারা গরমে কাহিল হয়ে পড়ছে। আইসিডিএস কেন্দ্রেগগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ করার সাথে ফ্যান ও টিউবলাইট লাগানো হচ্ছে। প্রতি কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের জন্য ২ হাজার ৫৭৫ টাকা, বিদ্যুৎ সরঞ্জাম কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে। জেলার বিদ্যুৎ বন্টন সংস্থা এই কাজ করছে। জেলার আইসিডিএস দপ্তর সূত্রে জানা গিয়েছে বিনপুর -১ ব্লকে ১৭০ টি, বিনপুর -২ ব্লকে ১৮২ টি, গোপীবল্লভপুর -১ ব্লকে ১০৮ টি, গোপীবল্লভপুর -২ ব্লকে ১৪৩ টি, ঝাড়গ্রাম ব্লকে ১৯৪ টি, জামবনী ব্লকে ২০০টি ও সাঁকরাইল ব্লকের ১৬৫ টি কেন্দ্রে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে বাকি কেন্দ্রগুলোকেও বিদ্যুৎ সংযোগ করা হবে। জেলার একাধিক আইসিডিএসের এখনও নিজস্ব কোনো ভবন নেই। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ,বারান্দায় , গ্ৰামের স্থানীয় ক্লাব ঘরে ক্লাস হয়। জেলায় ভবন নেই এমন আইসিডিএসের সংখ্যা কত তার সমীক্ষা শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে অনগ্ৰসর শ্রেণিকল্যাণ দপ্তর, আদিবাসী উন্নয়ন দপ্তর ও পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে আইসডিএস কেন্দ্রের ভবনগুলি নির্মাণ করা হবে। চলতি বছরে আমাদের পাড়া, আমাদের সমাধানের মতো প্রকল্পে একাধিক আইসডিএস কেন্দ্রের সংস্কার করার আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের ভিত্তিতে জেলায় ৬৪৮ কেন্দ্রের ভবন সংস্কার,শৌচাগার নির্মাণ ও কিচেন গার্ডেন তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম জেলা বিদ্যুৎ বন্টন দপ্তররের আধিকারিক প্রদীপ সামন্ত বলেন, দপ্তরের তরফ থেকে আমরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে। ভোট মিটলেই সংযোগের কাজ দ্রুত শেষ করা হবে। ঝাড়গ্রাম ব্লকের চুবকা গ্ৰাম পঞ্চায়েত এলাকার ‘তারাপুর আইসডিএসে’র দিদিমণি উষা জানা বলেন, এই কেন্দ্রে ৪৫ জন পড়ুয়া রয়েছে। দপ্তর থেকে বিদ্যুৎ সংযোগ দ্রুত দেওয়া হবে বলা হয়েছে। কেন্দ্রের চারপাশে গাছপালা ও খোলা জায়গা থাকায় গরমে বাচ্চাদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।