Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস চান মুখ্যমন্ত্রী

হলদিয়ায় পুর নির্বাচনের আগে নতুন করে বিন্যাস করে পুরসভার ওয়ার্ড বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হলদিয়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস চান মুখ্যমন্ত্রী
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় পুর নির্বাচনের আগে নতুন করে বিন্যাস করে পুরসভার ওয়ার্ড বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে পুরসভার উন্নয়ন সংক্রান্ত আলোচনার সময় জেলা ও মহকুমা প্রশাসনকে ওই পরামর্শ দেন তিনি। এর ফলে আগামীদিনে উন্নয়নে আরও বেশি অর্থ বরাদ্দ হবে হলদিয়ায়। হলদিয়ার মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুরভি সিংলা, বিধায়ক প্রদীপ বিজলি, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক, প্রাক্তন পুর পারিষদ সত্যব্রত দাস ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সত্যব্রত দাস বলেন, মুখ্যমন্ত্রী চান হলদিয়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৩৫টি করা হোক। হলদিয়ায় বর্তমানে যে জনসংখ্যা রয়েছে, তা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট। হলদিয়া পুর এলাকায় বর্তমান জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৬৫ হাজার। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো পুরসভায় ২ লক্ষ ১৫ হাজারের বেশি জনসংখ্যা হলে সেটি ‹এ› ক্যাটাগরি পুরসভা হিসেবে চিহ্নিত হয়। সেই নিয়মে হলদিয়া ‹বি› ক্যাটাগরি পুরসভা থেকে ‹এ› ক্যাটাগরিতে উন্নীত হবে। সত্যব্রতবাবু বলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে হলদিয়া পুরসভা ‹এ› ক্যাটাগরিতে উন্নীত হলে রাজ্য ও কেন্দ্রের আরও বেশি বরাদ্দ মিলবে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুধাংশু মণ্ডল মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পুরসভার ওয়ার্ড সংখ্যা ২৯টি। ২০১৭ সালে শেষবার পুরভোটের আগে ওই ওয়ার্ড বিন্যাস হয়েছিল। তার আগে ২০১২ সালে পুর ভোটের সময় হলদিয়ার ওয়ার্ড ছিল ২৬টি। এবার নভেম্বরে সম্ভাব্য পুরভোটের আগে ফের ওয়ার্ড বাড়তে চলেছে হলদিয়া পুরসভার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভার ওয়ার্ড বাড়ানোর জন্য প্রথমে জনগণনা প্রয়োজন। বর্তমানে যে ওয়ার্ড সংখ্যা রয়েছে, তা ২০১১ সালের জনগণনার ভিত্তিতে হয়েছিল। নতুন করে এ রাজ্যে জনগণনা এখনও হয়নি। সেজন্য রাজ্য সরকার হলদিয়ার ওয়ার্ড বিন্যাসের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জনগণনার নির্দেশ দিতে পারে স্থানীয় প্রশাসনকে। সেই জনগণনার ভিত্তিতে পুরসভায় নতুন করে ওয়ার্ড বিন্যাস হবে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে, পুর এলাকায় ২০২১ সালের চেয়ে ২২-২৪টি বুথ বেড়েছে। ভোটার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবার বুথ বেড়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২, ৭, ১৪, ২২ নম্বর ওয়ার্ডের মতো কয়েকটি ওয়ার্ডে বুথ সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি। গড়ে প্রতিটি ওয়ার্ডে ৪-৫টি বুথ থাকে, সেখানে ১৪ নম্বর ওয়ার্ডে ৭-৮টি বুথ রয়েছে। 
পুরসভায় ওয়ার্ড বিন্যাস নিয়ে প্রশাসনিক তোড়জোড়ের পাশাপাশি উন্নয়নের কাজেও গতি সঞ্চার হয়েছে। সোমবার দিনভর মিটিংয়ের পর মঙ্গলবার সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে ভিজিট শুরু করেছেন পুর আধিকারিকরা। এদিন বিকেলে নিকাশি সমস্যা খতিয়ে দেখতে এলাকায় যান পুর প্রশাসক সুরভি সিংলা, বিধায়ক প্রদীপ বিজলি, পুরসভা ও হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের (এইচডিএ) ইঞ্জিনিয়াররা। শিল্পশহরে নিকাশি সমস্যা সমাধানে পুরসভা ও এইচডিএ যৌথভাবে কাজে নামল এদিন। সিটি সেন্টার এলাকার অদূরে ক্যালস রিফাইনারির কাছে দীর্ঘদিন ধরে খাল নিকাশি নিয়ে জটিলতা রয়েছে। এর পাশেই রয়েছে এইচপিএল লিঙ্ক রোড বরাবর মনসাতলা খাল। ওই এলাকায় স্থায়ী নিকাশি নালা নেই, সে কারণে বেশি বৃষ্টি হলেই জলমগ্ন হয় বিভিন্ন কারখানা। এ নিয়ে গত এক দশকে শিল্প সংস্থাগুলি বহুবার পুরসভা ও এইচডিএকে অভিযোগ করেছে। কিন্তু স্থায়ী সমাধান হয়নি। বছর চারেক আগে ওই এলাকায় নিকাশি নালা সামান্য পরিষ্কার হলেও ফের নিকাশি বুজে গিয়েছে। এদিন বিধায়ক দ্রুত টেন্ডার করে বর্ষার আগে নিকাশি নালা কাটতে নির্দেশ দেন। ওই জল গড়িয়ে মনসাতলা ক্যানেলে পড়ে। কিন্তু সেই ক্যানেলও কচুরিপানায় ভরে গিয়েছে। দীর্ঘদিন পরিষ্কার হয়নি। সেই খালও পরিষ্কার করতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ