Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বৃহস্পতিবার আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে মুখ্যমন্ত্রী
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বৃহস্পতিবার আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারজন্য বুধবার বিকালে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম আরামবাগে আসছেন শুভেন্দুবাবু। তারফলে প্রশাসনিক মহলে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আকাশ পথে না সড়ক পথে আসবেন, তা বুধবার বিকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে সব দিক থেকেই প্রস্তুতি রাখা হচ্ছে। আজ, মুখ্যমন্ত্রী বন্যা মোকাবিলা নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। সেই জন্য পুলিশ ও প্রশাসন, সেচ, বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে ফোন করে খোঁজ খবর নিয়েছেন। আজ, তাঁর আরামবাগ আসার কথা। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমার নদ নদীগুলি ফুঁসছে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে মাইকিং করে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। তারমধ্যেই খোদ মুখ্যমন্ত্রী পরিস্থিতি দেখতে আরামবাগে আসতে চলেছেন। মুখ্যমন্ত্রীর আরামবাগে আসার খবরে প্রশাসনিক মহলে চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে। 
ইতিমধ্যেই হুগলি জেলা প্রশাসনের কর্তারা আরামবাগে এসে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন। বৃষ্টির জেরে কোথায় কোথায় রাস্তা বেহাল হয়েছে, তার রিপোর্ট চাওয়া হয়েছে। আরামবাগ পুরসভা সহ ব্লকগুলিকে এরজন্য দ্রুত রিপোর্ট তৈরি করতে বলা হয়। আরামবাগে এসডিও অফিসে ঝাড়পোঁছও করা হয়। একইসঙ্গে আরামবাগের পল্লিশ্রীতে হেলিপ্যাডের পরিকাঠামো খতিয়ে দেখা হয়। সেখানে চারপাশ পরিছন্ন করা হয়। বিকালে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়। 
প্রশাসনের এক আধিকারিক বলেন, বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। নদীগুলিতে জলস্তর বেড়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও প্লাবিত হয়নি। মুখ্যমন্ত্রীর সফর সূচি এখনো চূড়ান্ত হয়নি। সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি। 
উল্লেখ্য, বিগত তৃণমূল সরকারের আমলে বন্যা পরিস্থিতির সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মহকুমায় এসেছেন। রাজ্যে পালাবদলের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বন্যা পরিস্থিতি দেখতে আরামবাগে আসছেন। বাসিন্দাদের দাবি, স্থায়ীভাবে বন্যা মোকাবিলার ব্যাপারে পরিকল্পন নিক নতুন সরকার। তারজ্য নদী বাঁধের মেরামতির দিকে বাড়তি নজর দিক। 
 পল্লীশ্রী এলাকায় হেলিকপ্টারের ট্রায়াল রান চলছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ