Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ তমলুকে মহাপ্রভু মন্দির ও মেচেদায় ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

আজ তমলুকে মহাপ্রভু মন্দির ও মেচেদায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজার হাজার ভক্ত অংশ নেবেন। বিস্তারিত পড়ুন।

আজ তমলুকে মহাপ্রভু মন্দির ও মেচেদায় ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, বৃহস্পতিবার তমলুক শহরে মহাপ্রভু মন্দির এবং মেচেদায় ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুই মন্দিরের সঙ্গে মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক। বুধবার স্পেশাল সিকিউরিটি গার্ড(এসপিজি) এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হয়। এদিন দুপুরে পুলিশ সুপার অংশুমান সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) অগ্নিশ্বর চৌধুরী, তমলুক মহকুমা পুলিশ অফিসার শুভদীপ ঘোষ প্রমুখ মহাপ্রভু মন্দির চত্বর ঘুরে দেখেন। পাশাপাশি মেচেদায় তাঁরা ইসকন রথযাত্রার পথ ঘুরে দেখেন। বিকাল ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী রথযাত্রায় যোগ দেবেন বলে সূত্রের খবর। দুই জায়গায় রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করবেন।
গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের রথযাত্রা এবার ২৫বছরে পড়ল। এই রজতজয়ন্তী বর্ষে এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া রথযাত্রার জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়েছে এখানকার কমিটি। উৎসব কমিটির চেয়ারম্যান শুভেন্দুবাবু নিজেই। তিনি কমিটির শীর্ষে থাকায় গত পাঁচ-ছ’বছর নানা ঝড়ঝাপ্টা সহ্য করতে হয়েছে এই কমিটিকে। এবার বেশ ধুমধাম করেই তমলুক শহরে মহাপ্রভু মন্দিরের রথযাত্রার আয়োজন করা হয়েছে। পুরনো তিনটি রথের পরিবর্তে এবার প্রথম নতুন রথ গড়ে ওঠেছে। পুরী থেকে আনা বড় বিগ্রহ সেই নতুন রথে চড়ে শহর পরিক্রমা করানো হবে। পুরী জগন্নাথ মন্দির থেকে আনা হয়েছে মহাপ্রসাদ। উল্টোরথ পর্যন্ত ভক্তদের মহাপ্রসাদ দেওয়া হবে। রথ উপলক্ষ্যে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে অনেক চৈতন্যভক্ত মন্দিরে এসেছেন।
আজ বিকাল ৩টের পর মন্দির প্রাঙ্গণ থেকে রথ বের হবে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সেই রথযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেবেন। গোটা শহর পরিক্রমা করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ পৌঁছবে রাজবাড়িতে মাসির বাড়িতে। রাস্তার দু’ধারে অজস্র ভক্তের ঢল নামবে। মন্দিরের সেবাইত গৌরকিশোরানন্দ দেবগোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী আমাদের উৎসব কমিটির চেয়ারম্যান। তিনিই রথযাত্রার উদ্বোধন করবেন। তারআগে বুধবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন পুলিশকর্তারা।
মেচেদা ইসকন মন্দির উৎসব কমিটির চেয়ারম্যান শুভেন্দুবাবু। মন্দিরের শুরু থেকেই তিনি ওই পদে আছেন। প্রতি বছর রথযাত্রায় শামিল হন। নিজে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও তিনি যোগ দেন। মেচেদা ইসকনের একটি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বসিয়ে মন্দির থেকে জাতীয় সড়ক বরাবর প্রায় পাঁচ কিলোমিটার রথ টানা হবে। রথযাত্রার উদ্বোধনে মুখ্যমন্ত্রী থাকবেন। সেজন্য গত দু’-তিন দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে। মেচেদা ইসকনের অধ্যক্ষ আনন্দময় গোবিন্দদাস অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী বিকাল ৪টেয় রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন। রথ উপলক্ষ্যে এক লক্ষ ভক্তের সমাগম হবে বলে আশা করছি। মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসেছে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ